ভারতে ‘জিরাপানি’তে ধাক্কা খাচ্ছে কোকাকোলা-পেপসি
‘জিরাপানি’! ছিপি খুললেই হিসহিসিয়ে ওঠা ঝাঁঝালো স্বাদের এক কোমল পানীয় মন রাঙাচ্ছে দেশীয় আমেজে।
বিবিসি লিখেছে, বিশাল জনসংখ্যার দেশ ভারতে এই জিরাপানির কদর দিন দিন এতটাই বাড়ছে, যার দাপটে বাজারে চ্যালেঞ্জের মুখে পড়েছে কোমল পানীয়র বৈশ্বিক জায়ান্ট কোকাকোলা ও পেপসি।
জিরা পানির শুরুটা হয়েছিল রান্নাঘরে মন-খুশির এক ‘এক্সপেরিমেন্টের’ মধ্য দিয়ে।
এক সন্ধ্যায় রাতের খাবারের পর বাড়িতে বসে খুনসুটি করছিলেন ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য পাঞ্জাবের তিন চাচাতো ভাই- সৌরভ মুঞ্জাল, নিখিল দোদা ও সৌরভ ভুটনা।
গল্পগুজবের এক ফাঁকে ঘরে থাকা জিরার গুঁড়ো মিশিয়ে টক-মসলাদার স্বাদের একধরনের ঝাঁঝালো কোমল পানীয় বানিয়ে নিয়ে আসেন নিখিল।
পানীয়র আলাদা ধাঁচের ঘ্রাণ ও ঝাঁঝালো স্বাদ তিন ভাইয়ের এতটাই ভালো লাগে যে, তাদের মাথায় ঢুকে যায় ভিন্ন এক চিন্তা–বাণিজ্যিকভাবে জিরাপানি বাজারজাত করা যায় না?
পরিকল্পনা অনুযায়ী, পরিবার থেকে কিছু অর্থ নিয়ে ২০১৭ সালে তিন ভাই মিলে বাজারে আনেন ‘লাহোরি জিরা’- জিরার স্বাদে কোমল পানীয়।
গত প্রায় এক দশকে পানীয়টি ভারতে কোমল পানীয়র বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র ১০ রুপি দামের জিরাপানি বেভারেজ জগতে কোলার মত বৈশ্বিক জায়ান্টদের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
বিবিসি লিখেছে, চলতি বছর লাহোরি জিরার আয় দাঁড়াতে পারে ১১ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি মার্কিন ডলার।
লাহোরি জিরার উৎপাদনকারী কোম্পানি আর্চিয়ান ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ মুঞ্জাল বিবিসিকে বলেন, “প্রতিবছরই আমাদের উৎপাদিত পণ্য সব বিক্রি হয়ে যায়। আমরা দৈনিক উৎপাদনক্ষমতা দ্বিগুণ করে ১২ লাখ বোতল বাজারে দিচ্ছি। তারপরও চাহিদা পূরণ করতে পারছি না।”
বাজারে জিরা পানির একাধিক ব্র্যান্ড
ভারতে রাস্তার পাশের দোকানগুলোতে জিরার স্বাদযুক্ত পানীয় আগে থেকেই বিক্রি হত। তবে সে সময় বাজার ছিল বিভক্ত, অনেক ছোট। খুব বেশি কোম্পানি তখন কার্বনেটেড পানীয়ের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে পারেনি।
তবে গত এক দশকে মোড় ঘুরিয়ে দিয়েছে তিন ভাইয়ের লাহোরি জিরা। এখন ভারতের বাজারে ছড়িয়ে পড়া জিরার স্বাদের কোমল পানীয়ের বেশ কয়েকটি ব্র্যান্ডের অন্যতম এটি।
লাহোরি জিরা ছাড়াও মুম্বাইভিত্তিক এক্সোটিক ফ্রুজুসের ‘জিরু’, ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ক্যাম্পা কোলার ‘ক্যাম্পা জিরা’ এবং হাউস অব বিন্দুর ‘ফিজ জিরা মাসালা’সহ অন্তত অর্ধডজন ব্র্যান্ডের জিরাপানিতে ভারতের বাজার সয়লাব।
ভারতের অন্যতম পুরোনো ভোক্তা পণ্য ব্র্যান্ড পার্ল অ্যাগ্রোও গত বছর নিজস্ব জিরা পানি ‘ঢিশুম’ বাজারে এনেছে। ২০১২ সাল থেকে তারা এটি শুধু গ্রামীণ বাজারে বিক্রি করত।
আর হাউস অব বিন্দু প্রায় ২৫ বছর আগেই জিরার কোমল পানীয় বাজারে এনেছিল। তবে তাদের বিক্রি বেড়েছে মাত্র কয়েক বছর ধরে।
কোম্পানির পরিচালক মেঘা শঙ্কর বিবিসিকে বলেন, “বর্তমানে কার্বনেটেড পানীয়ের মধ্যে জিরাপানির বাজার সবচেয়ে দ্রুত বেড়েছে। জিরা পানির কল্যাণে গত পাঁচ বছরে আমাদের কোম্পানির মোট আয় ২০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে।”
বিশ্লেষকদের মতে, জিরাপানির জনপ্রিয়তা প্রমাণ করছে, স্বতন্ত্র দেশীয় স্বাদের পানীয় এবং তুলনামূলক স্বাস্থ্যকর বলে বিবেচিত পানীয়ের প্রতি আগ্রহ বাড়ছে ভারতীয় ভোক্তাদের।
বাজার বাড়ছে হু হু করে
জিরা পানি নিয়ে ভারতীয়দের উন্মাদনা দেশটিতে অ্যালকোহলমুক্ত পানীয়ের বাজারে নতুন পরিবর্তন এনেছে।
২০২৪ সালে জিরাপানির বাজার ছিল ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের। আগামী ২০৩৩ সালের মধ্যে তা দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে।
ভারতের একটি অনলাইন ডেলিভারি কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, গত গ্রীষ্মে জিরাপানির কোমল পানীয়ের অনলাইন অর্ডার বেড়েছে ৯০০ শতাংশ।
কোটাক মিউচুয়াল ফান্ডের এক প্রতিবেদন বলছে, ভারতের ‘এথনিক বেভারেজেস মার্কেট’ বা দেশীয় স্বাদের পানীয়ের বাজারে পরিচিত জিরাপানির ব্র্যান্ডগুলো ভারতের কার্বনেটেড কোমল পানীয়ের বাজারে নিজেদের সম্মিলিত অংশীদারত্ব দ্বিগুণ করে প্রায় ১৫ শতাংশে উন্নীত করেছে।
অন্যদিকে কমেছে কোকাকোলা ও পেপসিকোর সম্মিলিত বাজার অংশীদারত্ব; প্রায় ৯৩ শতাংশ থেকে কমে ৮৫ শতাংশে নেমেছে।
‘আপনা দেশি ঠান্ডা’র জোয়ার
কয়েক দশক ধরে ভারতে কোমল পানীয়ের বাজারে কোলা ব্র্যান্ডগুলোর আধিপত্য ছিল। জীবনযাত্রার আধুনিকতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে এসব পানীয় উচ্চাকাঙ্ক্ষী ভোক্তাদের কাছে হয়ে উঠেছিল তুমুল জনপ্রিয়।
লাহোরি জিরার স্বপ্নদ্রষ্টা সৌরভ মুঞ্জালের মতে, বিশাল বিশাল সাইজের বিলবোর্ড, বলিউড তারকা ও ক্রিকেট টুর্নামেন্টে বিপুল অর্থ ব্যয় করে কোলা কোম্পানিগুলো ভারতীয়দের মধ্যে পানীয় গ্রহণের একটি পশ্চিমা সংস্কৃতি তৈরি করেছে।
তবে এখন দেশীয় ব্র্যান্ডগুলো জিরা, কাঁচা আম, কোকুম ফল ও তেঁতুলের মত স্মৃতিমাখা ঘরের স্বাদের সঙ্গে আকর্ষণীয় দাম ও বুদ্ধিদীপ্ত বিতরণব্যবস্থার সমন্বয়ে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
মুঞ্জাল বলেন, দীর্ঘদিন ধরে ভারতের ভোগ্যপণ্য কোম্পানিগুলোর মধ্যে একটি প্রবণতা ছিল—হয় ভারতীয় পণ্যকে পশ্চিমা রূপ দেওয়া, নয়ত পশ্চিমা পণ্যকে ভারতীয়করণ করা। তবে ‘আপনা দেশি ঠান্ডা’, অর্থাৎ ‘ভারতের নিজস্ব কোমল পানীয়’–এই স্লোগান নিয়ে লাহোরি জিরা সেই প্রবণতাকে বদলে দিয়েছে।
সামনে বড় চ্যালেঞ্জ, আছে আশাও
বাজারে সাফল্য সত্ত্বেও দেশীয় স্বাদের এসব পানীয় ব্র্যান্ডগুলোর পক্ষে প্রবৃদ্ধির ধারা ধরে রাখা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
বহুজাতিক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় সফল হওয়ার কৌশল নির্ধারণে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়ে থাকেন মুম্বাইভিত্তিক এসপি জেইন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক রাজীব আগরওয়াল।
তিনি বিবিসিকে বলেন, “সবচেয়ে বড় প্রশ্ন হল, জিরার স্বাদযুক্ত পানীয়ের বাজার কতটা বড় হতে পারে। আমার ধারণা, এটি কোলার বাজারের মত এতটা বড় হবে না।”
আগরওয়াল বলেন, “প্রতিযোগিতা অত্যন্ত আগ্রাসী। বড় ও বিপুল পুঁজির কোম্পানিগুলো জিরাপানির বাজারে প্রবেশ করে ছোট ব্র্যান্ডগুলোর জন্য নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।”
তার মতে, বাজার ব্যবস্থাপনা, প্রক্রিয়া, বিতরণব্যবস্থা এবং বোতলজাতকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠিত বৈশ্বিক কোম্পানিগুলো অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী।
ভারতের জিরার স্বাদযুক্ত পানীয়ের মূল্যস্তর হচ্ছে ১০ রুপি, যার কারণে এগুলোর বিক্রি সবচেয়ে বেশি। তবে এই দাম একই সঙ্গে আশীর্বাদ ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
একদিকে এই কম দাম বিক্রি বাড়ালেও বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং একইসঙ্গে প্লাস্টিক, প্যাকেজিং, চিনি ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ছোট কোম্পানিগুলোর মুনাফায় চাপ তৈরি হতে পারে।
আবার পণ্যের দাম বাড়ালে তাদের বিক্রির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে বোতলের আকার আরও ছোট করতে হতে পারে। কয়েক বছর আগে কোলা কোম্পানিগুলোকেও এমন পদক্ষেপ নিতে হয়েছিল।
১৯৯০-এর দশকে জিরার স্বাদযুক্ত ‘রিমঝিম’ ব্র্যান্ড অধিগ্রহণ করেছিল কোকাকোলা। এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী ও উৎপাদন দ্বিগুণ করেছে রিমঝিম।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয় কোম্পানিগুলোকে ‘বিশ্বমঞ্চে জায়গা করে নিতে হবে’ বলেই মনে করেন মুঞ্জাল।
এদিকে নিজেদের জিরাপানি নিয়ে আগামী কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন মুঞ্জাল।
তিনি বলেন, “প্রজন্মের পর প্রজন্ম আমরা বিশ্বের বিভিন্ন দেশের কোলা পান করে বড় হয়েছি। কিন্তু আমার প্রত্যাশা, আগামী প্রজন্ম ভারতের জিরার পানীয় পান করবে।”