শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 08:19 সকাল • 28 বার পঠিত
সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা

দেশের বাজারে সোনার দামে রেকর্ড পতন হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। কমেছে রুপার দামও।

শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দরে সোনা-রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলছেন, বাংলাদেশের ইতিহাসে এক দফায় সোনার দাম এতটা আর কমানো কমেনি।

“আন্তর্জাতিক বাজারে গোল্ডের বড় পতন হয়েছে। তার সঙ্গে সমন্বয় করে আমরা দেশের বাজারে সমন্বয় করেছি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজার নিম্নমুখী। মাঝে-মধ্যে ঊর্ধ্বমুখী হলেও বেশিরভাগ সময়ই কমেছে। আমরা হিসাব করে দেখেছি, গত এক বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স গোল্ডের দাম ২ হাজার ডলার কমেছে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশের বাজারেও কমেছে।

“সে কারণেই যে গোল্ডের ভরি প্রায় ৩ লাখ টাকায় উঠেছিল, তা এখন ২ লাখ টাকায় নেমে এসেছে,” বলেন শাহীন।

এর আগে ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। তার আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল দাম।

এরপর ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আট দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে ওই দর নির্ধারণ করা হয়েছিল।

এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে। তবে নভেম্বর মাসে ধারাবাহিকভাবে কমছে দাম।

কত দামে বিক্রি হচ্ছে সোনা

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৭ হাজার ২৪৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

২১ ক্যারেট সোনার ভরি নেমে এসেছে ২ লাখ টাকার নিচে; বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

সেই হিসাবে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা, ১৮ ক্যারেটের ৮ হাজার ৯৮২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও বড় পতন

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম একপর্যায়ে ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে ওঠে বলে রয়টার্সের তথ্য থেকে জানা যায়।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে ৩০ অক্টোবর স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর কিছুটা ঘুরে দাঁড়ালেও নভেম্বরের মাঝামাঝি থেকে আবার দরপতন শুরু হয়। ১৬ নভেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর পেছনে যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের সুদের হার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে কারণ হিসেবে তুলে ধরেছে রয়টার্স।

রয়টার্সের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় সোনার বাজার চাপে রয়েছে। এ কারণে আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।

শুক্রবার গ্রিনিচ মান সময় ০৫টা ০৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে। এর আগে লেনদেনের একপর্যায়ে গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় সোনার দাম।

চলতি সপ্তাহে এ পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৯ দশমিক ২ শতাংশ। ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সোনার সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হতে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্যও ৪ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৬ ডলারে নেমেছে।

কমেছে রুপার দামও

দেশের বাজারে সোনার পাশাপাশি রুপার দামও কমেছে।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ভরি কিনতে লাগছে ৩ হাজার ৩৩ টাকা। নতুন দর কার্যকরের আগে প্রতি ভরি রুপা বিক্রি হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকায়। সে হিসাবে ভরিতে কমেছে ৩৫০ টাকা।