আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয়, গোপালগঞ্জে আইজিপি
সহিংস ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরে এসে পৌঁছান পুলিশ, বিজিবি ও এসআরবি প্রধান।
পরে সার্কিট হাউজে তারা বৈঠক করেন। এ সময় সার্কিট হাউজের সামনে কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়।
সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান করেন।পুলিশ, বিজিবি এবং এসআরবি প্রধান জেলা শহরের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় সভা করেন।
এতে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন। তারা গোপালগঞ্জ ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয়
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আশা করি আগামীতেও এ পরিস্থিতি ভালো থাকবে।
যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।
অশান্তি সৃষ্টিকারীদের সতর্ক করে পুলিশের মহাপরিদর্শক বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা।
থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত।
উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।
আইজিপি আরও বলেন, মানুষ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। নিরাপত্তার কারণে পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রাখেন।
এতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন চলাচল শুরু করে।
ইমাদ পরিবহনের ম্যানেজার মো. বাসু শেখ জানান, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
প্রায় ৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল শুরু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।