বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ভরিতে আরও ৩২৬৬ টাকা কমল সোনার দাম

মোহাম্মদ খাইরুল আমিন • 19 নভেম্বর 2026, 09:24 সকাল • 5 বার পঠিত
ভরিতে আরও ৩২৬৬ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এবার ২২ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। তাতে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দরে সোনা বিক্রি হচ্ছে। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।

৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাত দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমল ১৭ হাজার ৫৫৪ টাকা।

তার আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বেড়ে গত ৫ নভেম্বর এ মানের সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা ছিল দেশের বাজারে এ ধাতুর সর্বোচ্চ দাম। ওই দিন আন্তর্জাতিক বাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

এরপর থেকে দেশের বাজারে কয়েক দফায় দাম বাড়ানো ও কমানো হয়েছে। তবে নভেম্বরের শুরুতে সর্বোচ্চ দরে ওঠার পর থেকে সোনার দাম কমছে।

কত দামে বিক্রি হচ্ছে সোনা

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ১৮৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

সেই হিসাবে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ২ হাজার ১৫৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও দরপতন

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম ছিল ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা করেছে। সাম্প্রতিক সময়ে দরপতনের ধারায় গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

নভেম্বরের প্রথম দিকে কিছুটা ঘুরে দাঁড়ালেও পরে আবার কমতে শুরু করে সোনার দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭২৬ ডলার ১৯ সেন্টে নেমে আসে। এর আগে দাম কমে ৩ হাজার ৭১৯ ডলার ৫৫ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডলারের দর বৃদ্ধি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বন্ডের মুনাফা বেড়েছে। এতে সোনার ওপর চাপ তৈরি হয়েছে। বুধবারের দরপতনে মূল্যবান এই ধাতুর দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৩৮৩ টাকা।