সিপিডির ন্যূনতম মজুরি প্রস্তাবে বিজিএমইএর আপত্তি, দ্বৈত গণনার অভিযোগ
তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের বেশ কিছু তথ্য ও হিসাব-পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
শুক্রবার (২০ নভেম্বর) সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদকে লেখা এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
সিপিডি গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে তাদের মূল্যায়ন ও প্রস্তাব উপস্থাপন করে। সংগঠনটি ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালেও মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সিপিডির সক্রিয় ভূমিকা এবং এবারের উদ্যোগের জন্য সিপিডির উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি প্রতিবেদন নিয়ে তারা তিনটি প্রধান বিষয়ে আপত্তি জানিয়েছে।
পরিবারের আকার নিয়ে প্রশ্ন
বিজিএমইএর মতে, সিপিডি পাঁচটি গবেষণার তথ্য থেকে মিডিয়ান (মধ্যমান) ধরে শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা ৪ জন এবং উপার্জনক্ষম সদস্য ১.৫৮ জন নির্ধারণ করেছে। সংগঠনটির বক্তব্য, সব গবেষণার ফলাফল প্রতিফলিত করতে গড় (মিন) বিবেচনা করাই যৌক্তিক হতো।
চিঠিতে আরও বলা হয়, সিপিডির নিজস্ব ২০২৩ সালের জরিপে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩.৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ২ জন। অথচ নতুন প্রস্তাবে তিন বছরের ব্যবধানে সদস্যসংখ্যা বেড়েছে এবং উপার্জনক্ষম সদস্য কমেছে, যা বস্তুনিষ্ঠ নয় বলে মনে করে বিজিএমইএ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের জরিপ অনুযায়ী জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪.৬৬ থেকে কমে ২০২৩ সালে ৩.৯৬ জনে নেমেছে। সংগঠনটির প্রশ্ন, জাতীয় গড় যখন কমছে, তখন পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বাড়ার বিষয়টি বোধগম্য নয়।
আবাসন ব্যয়ে দ্বৈত গণনার অভিযোগ
সিপিডি এনকার পদ্ধতিতে খাদ্য ব্যয়ের ০.৮৬৬৭ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় ধরেছে। এর সঙ্গে আলাদা করে আবাসন ব্যয় হিসেবে ১০ হাজার টাকা যোগ করা হয়েছে। বিজিএমইএ বলছে, খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন অন্তর্ভুক্ত। ফলে আলাদা করে যোগ করলে একই ব্যয় দুবার গণনা হয়। এ বিষয়ে সিপিডির হিসাব-পদ্ধতি স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আরও যেসব বিষয় বিবেচনার দাবি
২০২৩ সালের ডিসেম্বরের ১২,৫০০ টাকার মজুরিকে বর্তমান মূল্যে সমন্বয় করা হলেও পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের আরোপিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট হিসাবে নেওয়া হয়নি। প্রস্তাব কেবল এন্ট্রি গ্রেডকেন্দ্রিক। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি নিয়ে সুস্পষ্ট মূল্যায়ন নেই। শিল্পের গড় ওয়েজ বিল, ভারত-পাকিস্তানের সঙ্গে মজুরি তুলনা, জ্বালানি, সুদহার ও লজিস্টিকের সীমাবদ্ধতা এবং উৎপাদন খরচ বৃদ্ধির বিষয়ে যথেষ্ট আলোচনা হয়নি।
শিল্পের চাপের চিত্র
বিজিএমইএ জানায়, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫–৩০ শতাংশ বেড়েছে, আর রপ্তানি মূল্য কমেছে ২.৬ শতাংশ (এনবিআর)। ব্যাংক সুদের হার ১২–১৬ শতাংশে পৌঁছেছে এবং রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমেছে। এই সময়ে ২৮৭টি কারখানা বন্ধ হয়েছে।
প্রতিযোগী দেশের তুলনায় ২০১৬ থেকে ২০২৬ সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির হার বাংলাদেশে সর্বোচ্চ ১৩৬ শতাংশ। এ সময়ে ভারতে ৫৯, ভিয়েতনামে ৫৪ ও কম্বোডিয়ায় ৫০ শতাংশ। এর সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা, এলডিসি উত্তরণের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০–২০ শতাংশ শুল্ক চ্যালেঞ্জ বাড়াচ্ছে। ভারত ও ভিয়েতনাম ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করেছে। এলডিসি উত্তরণের পর ইউরোপে বাংলাদেশের বাজার-সুবিধা হারানোর আশঙ্কাও রয়েছে।
চিঠিতে বিজিএমইএ এসব পর্যবেক্ষণে সিপিডির মতামত চেয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, ভবিষ্যতে একটি যৌক্তিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর 'মজুরি নির্ধারণ কাঠামো' প্রণয়নে তারা সিপিডিকে পাশে পেতে আগ্রহী।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সিপিডি শ্রমিক পরিবারের আকার, দারিদ্র্যসীমা নির্ধারণে সীমাবদ্ধতা ও আবাসন ব্যয়ে দ্বৈত গণনার ভিত্তিতে পোশাক শ্রমিকদের জন্য মজুরি প্রস্তাব করে। ঢাকায় খাদ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যয়, আবাসন খরচ মেটানো ও অল্প করে সঞ্চয়ের জন্য পোশাকশ্রমিকদের মজুরি অন্তত ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
চার সদস্যের একটি পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় নিয়ে সিপিডি ২৪ হাজার ২০৪ টাকা মজুরির প্রস্তাব করেছে।
বাংলাদেশে বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সিপিডি জানিয়েছে, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে একই পরিমাণ পণ্য ও সেবা পেতে বর্তমানে শ্রমিকদের ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকায় প্রকৃত অর্থে তাদের জীবনমানে কোনো বাড়তি সুবিধা যোগ হবে না।
সিপিডি বলেছে, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা হওয়া প্রয়োজন। সে অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষগুলোকে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের বিষয়ে দর-কষাকষি করার পরামর্শ দেয়।