শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নিষিদ্ধ আ. লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 10:53 দুপুর • 20 বার পঠিত
নিষিদ্ধ আ. লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

জনতার প্রতিরোধে বিদেশে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপির দুই নেতার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে। তারা এখনো দেশের গণতন্ত্রকামী মানুষদের রক্ত ঝরাচ্ছে।

নিহত নেতাদের হত্যাকাণ্ডের বিচারে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাদের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আকরাম ও ফাইয়াজের মতো অসংখ্য শিক্ষার্থীকে গুলি করেও তারা ক্ষান্ত হয়নি। তবে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ নস্যাৎ করতে পারবে না, তেমনি এই হত্যাকাণ্ডগুলোর বিচারও হবেই।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করায় সোহেল রানা ও শাহিনুর রহমান শহীদের মর্যাদা পাবেন।বর্তমান সরকার প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছেন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।

এর আগে রুহুল কবির রিজভী কালিয়া উপজেলায় নিহত বিএনপির দুই নেতার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রমুখ।

সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে খুলনা মহানগর, নড়াইল জেলা, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কবর জিয়ারতস্থলে সমবেত হন।