সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রম ভবনে মজুরি বোর্ডের সভা, সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 10:44 দুপুর • 6 বার পঠিত
শ্রম ভবনে মজুরি বোর্ডের সভা, সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলার মধ্যেই শ্রম ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়।

বৈঠক শুরুর পর থেকেই ওই ভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে অবস্থান নেন কয়েকশত তৈরি পোশাক শ্রমিক। তারা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি স্পষ্ট, শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভকারীদের হাতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানার দেখা গেছে।

সভা চলার মধ্যে দুপুর পৌনে ২টায় সেখান থেকে বের হওয়া এক কর্মকর্তা বলেন, “কখন মিটিং শেষ হয় তা বলা যাচ্ছে না। তবে ঘণ্টা দেড়েক পরে ব্রিফ করা হবে।”

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে আছেন সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, পোশাক মালিকদের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

পরে বেলা ৩টার দিকে সভা থেকে বেরিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করেন।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এ সভা সোমবার অনুষ্ঠিত হচ্ছে।