সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নাকচ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 10:43 দুপুর • 4 বার পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নাকচ

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, “মামলার ঘটনার বহু আগেই রাজনীতি ও সকল পেশা থেকে অবসর গ্রহণ করেছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা ধৈর্য তার নেই।

“তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।”

রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দেন।

বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। সেদিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।