সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 10:38 দুপুর • 5 বার পঠিত
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সইয়ের পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে।

এখন ঠিকাদারের সঙ্গে চুক্তি সই করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে এ চুক্তি সইয়ের লক্ষ্য রয়েছে।

এরপর ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইটও যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর কথা বলা হলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম শুরু করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয়।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কত দিন লাগবে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে।

রাজস্ব ভাগ বাড়ানো হয়েছে ২৭ শতাংশে

জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু শর্ত রয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কিছু শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো নিয়ে সরকার খুব বেশি পিছিয়ে নেই।

চুক্তির একটি শর্তে বলা হয়েছে, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর করা যাবে না। এ বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই। আর নতুন একটি বিমানবন্দর নির্মাণ করে পরিচালনায় আনতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে এই শর্ত মেনে নেওয়ায় আপাতত বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

রাজস্ব ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। এতে আগের চুক্তির তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।

বিমানমন্ত্রী আরও বলেন, আংশিকভাবে টার্মিনাল চালুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তরিত হবে না। পর্যায়ক্রমে কার্যক্রম বাড়লে এবং পূর্ণাঙ্গ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।

পুরোনো টার্মিনালও ব্যবহারের সুযোগ থাকবে

বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবনটি ভবিষ্যতে ব্যবহার করা যাবে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালুর পরও পুরোনো টার্মিনাল ব্যবহারের সুযোগ থাকবে। আগামী ১৪ মাস পুরোনো টার্মিনাল আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহার করা যাবে।

তিনি বলেন, বর্তমানে যেসব আন্তর্জাতিক এয়ারলাইন্স রয়েছে, সেগুলোকে তৃতীয় টার্মিনালে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে দুই পক্ষের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।

পুরোনো টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য এয়ারলাইন্সের জন্য ব্যবহারের সম্ভাবনার কথাও জানান রশিদুজ্জামান মিল্লাত। সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এ বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।