সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান চলবে, খোলা থাকবে হলের ডাইনিং

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 10:42 দুপুর • 5 বার পঠিত
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান চলবে, খোলা থাকবে হলের ডাইনিং

চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ছেলে ও মেয়েদের দুটি হলের ডাইনিংও খোলা রাখা হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য (প্রো-ভিসি), রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন। গত ২০ নভেম্বর সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও রোববার আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়।

এর আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও পরিচালনা পর্ষদ) সচিব মোরাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানান উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান।

ওই ঘোষণার পর ২০ নভেম্বর থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে এবং ২২ নভেম্বরের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

কয়েকদিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে এমনিতেই স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে।

এরইমধ্যে একদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।