সম্পদে ন্যায্য কর আরোপের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে : গবেষণা
করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং সম্পদের ওপর কার্যকর কর আরোপের মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণায় দেশের বিদ্যমান কর রাজস্ব আহরণের সম্ভাবনা, কর ফাঁকি এবং কর ব্যবস্থার বণ্টনগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
শনিবার রাজধানীতে গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক ছিলেন র্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং র্যাপিডের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।
আলোচক হিসেবে অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।
আলোচনা সঞ্চালনা করেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আর ইউসুফ।
গবেষণার ফলাফলে বলা হয়, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও এর পুরো অর্থ সরকারি কোষাগারে পৌঁছায় না। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাসময়ে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে করের হার বাড়ানোর পরিবর্তে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়িয়ে অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।
গবেষণায় আরও বলা হয়, বাংলাদেশে সম্পদের বৈষম্য আয়বৈষম্যের তুলনায় অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১০ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি কেন্দ্রীভূত। শুধু শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশের সম্পদের অংশ ৫৩ শতাংশের বেশি।
গবেষণায় পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের মূল্য সরাসরি বিবেচনায় নেওয়া হয়েছে।
কর-নথিভিত্তিক তথ্যের সীমাবদ্ধতা এবং সম্পদ মূল্যায়নের পদ্ধতিগত পার্থক্যের কারণে এ হিসাবের সঙ্গে আন্তর্জাতিক কিছু হিসাবের পার্থক্য থাকতে পারে বলেও উল্লেখ করা হয়।
গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করের আওতা সম্প্রসারণ, ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায় ও পরিপালনব্যবস্থা উন্নত করা এবং সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, রাজস্ব আহরণের নামে হয়রানিমূলক ব্যবস্থা পরিহার, করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ এবং কর প্রশাসনের আধুনিকায়নের সুপারিশ করা হয়।
গবেষণার মূল বার্তায় বলা হয়, বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থার মধ্যেই উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে। এ জন্য করের হার বাড়ানো প্রধান সমাধান নয়; বরং করের আওতা সম্প্রসারণ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
গবেষণার ফলাফল উপস্থাপনকালে ড. এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।