শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আওয়ামী লীগকে ‘চিরতরে নিষিদ্ধে’ প্রয়োজনে সংবিধান সংশোধন: শাহে আলম

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2026, 12:24 দুপুর • 23 বার পঠিত
আওয়ামী লীগকে ‘চিরতরে নিষিদ্ধে’ প্রয়োজনে সংবিধান সংশোধন: শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দলটিকে ‘চিরতরে নিষিদ্ধে’ প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে।

শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ নামে উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা অগ্নিসংযোগ—গাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে, বিভিন্ন জায়গায় বোমা মেরে এই হত্যাযজ্ঞ ঘটিয়ে, গুম ঘটিয়ে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইতিপূর্বে, নতুন করে তাদের ওই নিজেদের জেলা যেটা মনে করে, সেই জেলা থেকে একই ঘটনা ঘটিয়ে নতুন করে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে তারা এটা প্রমাণিত হয়েছে।

“এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, যৌক্তিক আছে, আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “নতুন করে ভাববার সময় এসেছে—সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে, প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে ইনশাল্লাহ।”

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার দুই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সাংবাদিকদের তিনি বলেন, “আজকে যে স্টেডিয়ামটি আমরা উদ্বোধন করলাম, এই অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক পর্যায়ের স্টেডিয়ামের প্রয়োজন রয়েছে। জনবহুল রাষ্ট্র, সমস্ত এলাকার মানুষের সমান অধিকার রয়েছে।

“এবং আন্তর্জাতিক মানের খেলা হওয়া একটি এলাকার যেমন গৌরব, সে এলাকার দর্শকদের সেই খেলা উপভোগ করারও অধিকার রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে ইতিমধ্যে এই স্টেডিয়ামকে সংস্কার করবার জন্য ৫৪ লক্ষ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর বাইরেও যা যা করার প্রয়োজন আমরা করব।”

শাহে আলম বলেন, “সারা দেশে অগ্নিসন্ত্রাস চলছে না। একটি জেলায়, নির্দিষ্ট একটি জেলায়। আর সারা দেশের যেটা ভিডিও দেখছেন আপনারা, এগুলো পুরানো ভিডিও। এআই করে বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে।

“তবে সারা দেশের আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে; জনগণের শান্তির মধ্যে রয়েছে এবং জনগণের নিরাপত্তার মধ্যে রয়েছে এবং সরকার এর পরেও ধৈর্যের বাইরে গেলে যা যা করার প্রয়োজন, বল প্রয়োগ করার প্রয়োজন হলে সরকার করবে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচন—ইতিমধ্যে আমরা আইন সংশোধন করেছি। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। সেখানে ধানের শীষ বা এ ধরনের জাতীয় প্রতীক থাকবে না।

“এবং দলীয়ভাবে সরাসরি দল থেকে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নাই। এবং কেউ বলতেও পারবে না ব্যানারে-পোস্টারে যে আমি অমুক দলের প্রার্থী বা তমুক দলের প্রার্থী। এখানে সরাসরি ব্যক্তি হিসেবে নির্বাচন করবে।”

মীর শাহে আলম বলেন, “তবে বিএনপির নির্দেশনা হচ্ছে এরকম—উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা রেজুলেশন করে সমর্থন দেবে যে আমাদের প্রার্থী কারা। সেই সমর্থনের ক্ষেত্রে যদি কেউ মানে বা না মানে, সেই ক্ষেত্রে যদি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে জানালে সেটি সাংগঠনিক ব্যবস্থা হবে।”