রংপুরে গণপতি পরিবার হত্যা: উদ্ধার আলামতে মিলেছে সিদ্ধার্থ-মুগ্ধর ডিএনএ
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় উদ্ধার করা কয়েকটি আলামতে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ মিলেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর গোয়েন্দা শাথার পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে জব্দ খেজুর, শসা, সিগারেটের নমুনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর সঙ্গে মিল পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৩৫টির বেশি আলামত সংগ্রহ করা হয়েছিল। এসব আলামতের মধ্যে রয়েছে সিগারেটের অংশ, খেজুর, শসা, ফল কাটার চাকু, ইয়াবা সেবনের সরঞ্জাম ও দাগসহ বেসিন। এসব আলামত কয়েক দফায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
গত ২২ অগাস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর নগরের কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।