শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিসেম্বর থেকে রাজধানীতে যানবাহনের বিরুদ্ধে অভিযান

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 10:46 দুপুর • 14 বার পঠিত
ডিসেম্বর থেকে রাজধানীতে যানবাহনের বিরুদ্ধে অভিযান

রাজধানীর সড়কে অপ্রয়োজনে হুটার, বিকন লাইট ও বিকট শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব অননুমোদিত সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে।

চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি অবৈধ সরঞ্জাম জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযানের আগে যানবাহনের মালিক ও চালকদের নিজ উদ্যোগে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এগুলো সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার পথচারী ও নগরবাসীর জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

অতিরিক্ত শব্দে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু যানবাহনে এসব হর্ন ব্যবহার করা হচ্ছে।

চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণ ছাড়া সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। এসব সরঞ্জামের ব্যবহার সড়কে শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

আনিছুর রহমান আরও বলেন, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতেও হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক যানবাহনে অনুমোদনহীন সাজসজ্জার সরঞ্জাম ও সাইলেন্সারও সংযোজন করা হয়েছে। এসব কারণে রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

সড়ক পরিবহণ বিধি অনুযায়ী, জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার ধরনের যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণকারী যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ অন্যান্য বাণিজ্যিক মোটরযানে উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ ধরনের হর্ন ব্যবহার নিষিদ্ধ।

অটোরিকশা ও একই ধরনের যানবাহনের অতিরিক্ত শব্দ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি জানান, এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম বর্তমানে সিটি করপোরেশন পরিচালনা করছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সেগুলোর বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। এতে এসব যানবাহনও নিয়মের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনের উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দে শ্রবণশক্তি নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদরোগী ও অসুস্থ মানুষের ওপর এর ক্ষতিকর প্রভাব বেশি পড়ে। অন্যদিকে, অনুমোদন ছাড়া বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর তফশিল-১ অনুযায়ী, এলাকাভেদে শব্দের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারিত। অন্যদিকে, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল পর্যন্ত শব্দ অনুমোদিত।

বিধিমালায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সংশ্লিষ্ট অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এ ছাড়া হাইড্রোলিক হর্ন, মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শনের দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে মোটরযানে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। বিধি অনুযায়ী, প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের জন্য হর্ন বা অন্য কোনো অনুমোদিত সতর্কসংকেত দেওয়ার যন্ত্র থাকতে হবে। তবে এসব যন্ত্রের শব্দের মাত্রা শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না।

একই সঙ্গে বিভিন্ন সুরে পরপর শব্দ তৈরি করে এমন বহুশ্রুতি হর্ন ব্যবহার নিষিদ্ধ। তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টিকারী কোনো হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার করা যাবে না। তবে মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে বিশেষ হর্ন ব্যবহারের ছাড় রয়েছে।

ডিএমপির এই অভিযান সফল হলে রাজধানীর সড়কে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার, শব্দদূষণ ও অনুমোদনহীন জরুরি সংকেত ব্যবহারের প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।