মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 08:00 সকাল • 13 বার পঠিত
কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি নয়ন চন্দ্র দেবনাথ।

সংঘর্ষে আহতদের মধ্যে মিকাইল ইসলাম (৫২), মশিউর রহমান (৪২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মিকাইল ইসলামের অবস্থার অনবতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে মশিউর রহমান বলেন, “মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে যাই। সেখানে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।”

শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতি সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।

অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, “আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতি করেন না। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করছি।”

তিনি বলেন, “আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সেই বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের ৫টি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”

ওসি নয়ন চন্দ্র দেবনাথ বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।