সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক: ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধই রয়েছে, বললেন মাহদী

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 12:51 দুপুর • 4 বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক: ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধই রয়েছে, বললেন মাহদী

বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে নতুনভাবে ঐক্য হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “এনসিপি আপনাদের (সাংবাদিকদের) সামনে কী বলেছে জানি না। মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধি দল উনারা উনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নাই।

“…জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে, সেই জুলাই-অগাস্টেই কিন্তু আমাদের একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কী। আমাদের দেশে-বিদেশে সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। সেই স্বাধীন সার্বভৌম ও তাঁবেদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তো গণতন্ত্রকামী মানুষের ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, আমরা সে ঐক্যটাকে আরো সুসংহত করতে চাই।”

এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর খোলামেলা আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি যে, যেকোনো দেশে যারা পলাতক স্বৈরাচারের প্রতি অপশক্তি রয়ে গিয়েছে। সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা বাংলাদেশে যেন তৈরি করা না হয়।

“আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে আমাদের মত-পথ আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে।”

সচিবালয়ে সোমবার দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহবায়ক আকরাম হোসেন বৈঠকে বসেন। ৩৫ মিনিট ওই বৈঠক চলে।

সেখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা দেখেছিলাম, সকল শ্রেণি-পেশা-ধর্মের-বর্ণের, সকল মতের মানুষ এক হয়েছিল। কারণ এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতা থাকবে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করব। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।”

গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে এ আহ্বান জানান সরকারপ্রধান।

এ নিয়ে আলোচনার মধ্যে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে সোমবার বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে মধ্যহ্নভোজও সারেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। দেশের সম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের আমাদের সামনে এখন সারাদেশে যে অবস্থাগুলো চলছে, সব বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।”

তিনি বলেন, “এনসিপি নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কথাবার্তা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন। মতবিনিময়সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে।”

সংস্কারের প্রশ্নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, “সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে বিএনপি সরকার ‘নোট অফ ডিসেন্টের’ মত করে যেভাবে আমরা নির্বাচনি ম্যানিফেস্টোতে এবং নির্বাচনি পথযাত্রায় জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেটাকে শতভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।

“সরকার গঠনের পর আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড প্রায় শতাধিক অর্ডিনেন্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন করব।”

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।