ফের দাম বেড়ে সোনার ভরি ১৯৯৬৮৮ টাকা
সোনার দাম আবার বেড়েছে। একদিনের ব্যবধানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
তাতে ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায়। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দরে সোনা বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও টানা পড়ছিল সোনার দর। দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেটের সোনার দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল।
ওই পতনে এক বছর পর রোববার ২২ ক্যারেট মানের সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মত ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়।
এর পর আরও কয়েক দফা বেড়ে ২০ অক্টোবর ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় ওঠেছিল। এর পর নিম্মমুখী হয় বাজার; ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে।
একদিন না যেতেই ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়; ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে।
এর পর থেকে ২ লাখ টাকার উপরেই ছিল ২২ ক্যারেট সোনার ভরি।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত ওঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।
এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।
কতটা বাড়ল
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৭ হাজার ১২০ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকায় বিক্রি হচ্ছে।
আগের দিন সোমবার সারাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকায়।
১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
যেভাবে ২ লাখ টাকার নিচে নামল
তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় ওঠে।
পরের দিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।
১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা; তাতে সোনার ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় দাঁড়ায়।
১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। পরের দিন ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।
১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়। পরের দিন ১৯ নভেম্বর একই পরিমাণ কমানো হয়; ভরি নামে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।
২০ নভেম্বর কমানো হয় রেকর্ড পরিমাণ ১০ হাজার ৯৬৪ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়।
একদিন না যেতেই ২১ নভেম্বর আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়; তাতেই ভরি ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমেছিল।
সব মিলিয়ে দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল।
বিশ্ববাজারে কমেছে
দেশের বাজারে সোনার দাম বাড়লেও বিশ্ববাজারে কিছুটা কমেছে।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল।
ওই দিন স্পট মার্কেটে দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় ওঠেছিল।
এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।
এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।
তবে ১০ নভেম্বর বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। পরের দিন ১১ নভেম্বর কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু।
এর পর থেকে পতনের ধারাতেই ছিল। তবে দুই দিন ধরে আবার দাম বাড়ছে।
সোনার দাম নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দামে সামান্য পতন হয়েছে। বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার-সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে নতুন ধারণা পেতে মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৬টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৬১৯ ডলার ৯৫ সেন্টে নেমে আসে।
এর আগে গত শুক্রবার সোনার দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলারে দাঁড়িয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
দেশের বাজারে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। হলমার্ক করা ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ভরি কিনতে লাগছে ৩ হাজার ৩৩ টাকা।