মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 10:54 দুপুর • 11 বার পঠিত
সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ১৭ নভেম্বর সকালে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিনই মোতালেব হত্যায় তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়।

রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাঈদ খোকনের পক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান।

গোলাম রাব্বানী বলেন, “আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। বিনা কারণে ৭ দিনের রিমান্ড চেয়েছে। উনি কিন্তু আগে ৭ দিনের রিমান্ডে ছিলেন। ৭ দিন যথেষ্ট সময়।

“কিন্তু কিছু উদ্ধার হয়নি। তিনি অসুস্থ, একজন রাজনৈতিক নেতা। হয়রানি করার জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।”

তিনি বলেন, “সাঈদ খোকন এমন কিছু করলে মেয়র নির্বাচিত হতে পারতেন না। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, নির্বাচিত প্রতিনিধি। রিমান্ড চেয়েছে, দিয়েছে।

“এভাবে অনেককে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। এ আসামি প্রতিহিংসার শিকার। তার রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করছি।”

জবাবে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, “প্রসিকিউশনের নীতি আছে। সহজে কারও রিমান্ড চাওয়া হয় না।

“যাকে প্রয়োজন, তার রিমান্ড আবেদন করা হয়। উনি উল্লেখযোগ্য ব্যক্তি। এর বেশি কিছু বলতে চাই না।”

পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।