সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

‘জাতীয় ঐক্যের’ ভিত্তি হতে হবে সংস্কার ও সার্বভৌমত্ব: নাহিদ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 12:52 দুপুর • 4 বার পঠিত
‘জাতীয় ঐক্যের’ ভিত্তি হতে হবে সংস্কার ও সার্বভৌমত্ব: নাহিদ

ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ঐক্যের আহ্বানের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই ঐক্য প্রক্রিয়ার ভিত্তি হতে হবে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি দলের অবস্থান ও সুপারিশগুলো তুলে ধরেন।

বৈঠকে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন ও সদস্য সচিব আখতার হোসেন।

ব্রিফিংয়ের শুরুতে আখতার হোসেন বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি, ফ্যাসিবাদের আস্ফালন, আওয়ামী লীগের বিচার কার্যক্রম, সংস্কার, গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মূল বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার ফলেই আজকের এই সংকট তৈরি হয়েছে।”

গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করতে সংস্কারকে জাতীয় ঐক্যের প্রধান এজেন্ডা করার সুপারিশ জানান তিনি।

বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “এই কমিটি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”

তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনা ও আলোচনা জারি রাখার কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন।

দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি এবং শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকর করার দাবি জানান নাহিদ ইসলাম।

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়ারও আহ্বান জানান তিনি।

ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, “ভারত একজন খুনি ও গণহত্যাকারী দলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। সীমান্তের ওপারে সমাবেশ করে এবং বিশ্বব্যাপী বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘মিস-ইনফরমেশন ক্যাম্পেইন’ চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।”

এর বিপরীতে ভারতে সংখ্যালঘু নির্যাতনের তথ্য এবং বাংলাদেশে আওয়ামী লীগ আমলে হিন্দুদের ওপর নির্যাতন ও সম্পত্তি দখলের চিত্র বিশ্বব্যাপী তুলে ধরার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তির নবায়নে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কোনো আপস না করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে এক প্ল্যাটফর্মে এনে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি এবং আধিপত্যবাদ প্রশ্নে একটি ‘যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়নের প্রস্তাব দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “কেবল আলোচনা নয়, সরকারের দৃশ্যমান পদক্ষেপ ও অ্যাকশনের ওপরই এই বৈঠকের সফলতা নির্ভর করবে।”