শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্যাংকিং সংকটে অস্থিরতা, পদত্যাগের ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

আতাউল্লাহ পলাশ • 06 নভেম্বর 2026, 06:57 সকাল • 3 বার পঠিত
ব্যাংকিং সংকটে অস্থিরতা, পদত্যাগের ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে প্যারাগুয়ের প্রায় অর্ধেক মানুষ নিজেদের সঞ্চিত অর্থ তুলতে না পারায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। 

তবে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলমান থাকায় কংগ্রেস আপাতত পদত্যাগ গ্রহণ স্থগিত রেখেছে। ফলে অন্তর্বর্তী সময়ের জন্য তাকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঘটনার সূত্রপাত দুই দিন আগে। প্রেসিডেন্ট পেনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকা উয়েনো ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে প্রায় ৩০ লাখ মানুষের ব্যাংক আমানত আটকে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে অবসরভোগীরাও রয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

বৃহস্পতিবার রাজধানী আসুনসিওনে কংগ্রেস ভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘আমাদের টাকা ফেরত দাও’ বলে স্লোগান দিতে শোনা যায়।

এর আগে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

২১ বছর বয়সী শিক্ষার্থী ও বিক্ষোভকারী আন্দ্রেস মালদোনাদো এএফপিকে বলেন, ‘আমার পরিবারের টাকা শেষ হয়ে গেছে। হাতে কোনো নগদ অর্থ নেই। সান্তিয়াগো পেনা একজন অপরাধী। তাকে কারাগারে যেতে হবে।’

ব্যাংকিং সংকট মোকাবিলায় ব্যর্থতা, অসদাচরণ এবং সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে স্বার্থের সংঘাতের অভিযোগে বৃহস্পতিবার পেনার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা।

ডানপন্থী প্রেসিডেন্ট পেনা জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অভিশংসন বিচারে তিনি উপস্থিত থাকবেন। 

এর আগে তিনি প্যারাগুয়ের জনগণের কাছে ক্ষমাও চান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দিয়ে পেনা বলেন, ‘আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা নিজেদের সঞ্চয় আমাদের আর্থিক ব্যবস্থার ওপর আস্থা রেখে জমা রেখেছেন, সেই প্যারাগুয়ের জনগণের উদ্বেগ ও অনিশ্চয়তা দূর করা।’

এদিকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এনরিক রিয়েরাও। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন কার্লোস বেনিতেজ।

প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূলধনের গুরুতর ঘাটতির কারণে উয়েনো ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৬ বছর বয়সী তিন সন্তানের মা নাদিয়া গনজালেজ এএফপিকে বলেন, ‘আমাদের প্রথম বাড়ি কেনার জন্য উয়েনো ব্যাংক ঋণ অনুমোদন করেছিল। কিন্তু সেই অর্থ কখনো ছাড় করা হয়নি। এখন আমাদের মাথা গোঁজার কোনো জায়গা নেই।’

মঙ্গলবার ও বুধবার রাজধানী আসুনসিওনে উয়েনো ব্যাংকের বিভিন্ন শাখার সামনে টাকা তুলতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি দেখা যায়।

প্রেসিডেন্ট পেনার ব্যাংকটির নিয়ন্ত্রণকারী একটি প্রতিষ্ঠানে শেয়ার ছিল। তবে গত বছর তিনি সেই শেয়ার বিক্রি করে দেন।

পরিস্থিতি শান্ত করতে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভালোর পদত্যাগের অনুরোধ জানান। কারভালো তাতে সম্মত হন। পাশাপাশি ব্যাংকে আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমাও নির্ধারণ করা হয়। তবে এসব পদক্ষেপেও পরিস্থিতির উন্নতি হয়নি।

বৃহস্পতিবার পেনার পদত্যাগ গ্রহণ করা হবে, নাকি তা প্রত্যাখ্যান করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের উভয় কক্ষের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়।

তবে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না থাকায় অধিবেশনে কোরাম পূরণ হয়নি। ফলে এ বিষয়ে কোনো ভোটাভুটি করা সম্ভব হয়নি।

পরবর্তী আরেকটি বিশেষ অধিবেশনে শুক্রবার সকালে পেনার অভিশংসন বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পেনার পদত্যাগ কার্যকর হলে দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার কথা ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানার।


#আন্তর্জাতিক #বাসস