বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবদুল এল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে কী বলেছিল পরিবার

মোহাম্মদ খাইরুল আমিন • 05 নভেম্বর 2026, 10:43 দুপুর • 3 বার পঠিত
আবদুল এল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে কী বলেছিল পরিবার

মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টি এখন পর্যন্ত ২৪০টি এবং সেনেটে ৫৪টি আসন পেয়েছে। ব্যাপক এ জয়ের মাধ্যমে তারা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাত থেকে নিয়ে নিয়েছে। এ জয়ে বিশেষ করে সেনেটে জয়ে বিশেষ অবদান রেখেছেন আবদুল এল-সায়েদ।

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সেনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট আল-সায়েদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর নির্বাচিত হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন এই রাজনীতিক। এটি ছিল এক স্মরণীয় মুহূর্ত, যা তিনি তার স্ত্রী ড. সারাহ জুকাাকুর সাথে উদযাপন করেন।

সায়েদের স্ত্রী সারাহ জুকাকুর পারিবারিক শিকড় ভারতে। নির্বাচনে জয়ের পর ভাইরাল হওয়া এক ভিডিওতে মিশরীয় অভিবাসীদের সন্তান সায়েদ তার বিয়ে নিয়ে পারিবারিক রসিকতার কথা উল্লেখ করেন। এতে প্রায় দুই দশক ধরে তার জীবনের অংশ হয়ে থাকা ভারতীয় সংযোগের একটি ঝলক উঠে আসে।

পডকাস্টের সেই ভিডিওতে সায়েদ জানান, তিনি যখন ড. জুকাকুকে বিয়ে করেন, তখন মিশর থেকে আসা তার এক চাচা তাকে বলেছিলেন, “আট কোটি মিশরীয় থাকতে তুমি কি না শেষে এক ভারতীয় নারীকে বিয়ে করলে?"

তখন রসিকতার সুরে সায়েদ উত্তর দেন, “আমু (আরবিতে চাচা) ওদের জনসংখ্যা নিন্তু ১০০ কোটি, তাই পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে ওর সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল।”

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক্সে ছড়িয়ে পড়া এই ভিডিও ক্লিপটি চলতি বছরের অগাস্টে ইউটিউবে পোস্ট করা ‘মিট দ্য রিয়েল আবদুল এল-সায়েদ পডকাস্টের অংশ। এই পডকাস্টের আলাপচারিতার মূল বিষয় ছিল সায়েদের পরিবার, শৈশব এবং বেড়ে ওঠা।

সায়েদ যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তখন তার ও জুকাকুর বাগদান হয়েছিল। এরপর ২০০৬ এর মে মাসে তারা বিয়ে করেন। সারাহ জুকাকু এক ভারতীয়-আমেরিকান পরিবারের সন্তান, যারা কর্ণাটকের উপকূলীয় শহর ভাটকল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

সারাহর দাদা জুকাকু শামশুদ্দিন তৎকালীন মহীশূর রাজ্যের (বর্তমান কর্ণাটক) মুখ্যমন্ত্রী বিডি জত্তির অধীনে উপ-অর্থন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে ভাটকল অঞ্চলের প্রথম আইনজীবী হিসেবেও গণ্য করা হয়।

সারাহর বাবা ড. তায়েব জুকাাকু একজন কিডনি বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বেঙ্গালুরুতে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়েছিলেন।

স্ত্রীর ভারতীয় পরিবারের সঙ্গে নিজের উষ্ণ সম্পর্কের কথাও উৎসাহের সঙ্গে প্রকাশ করেছেন সায়েদ। আগের একটি সাক্ষাৎকারে তিনি রসিকতা করে বলেছিলেন যে, প্রায় দুই দশকের বৈবাহিক জীবনের পর তিনি এখন ‘আরবদের চেয়ে বেশি ভারতীয়’ হয়ে উঠেছেন।

এই দম্পতির ঘরে এমালি ও সেরিন নামের দুই কন্যাসন্তান রয়েছে।