বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তাহসিফের ‘ভিডিওর’ কারণে অনেকে হত্যা থেকে বেঁচে যায়: আদালতকে রাষ্ট্রপক্ষ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 নভেম্বর 2026, 02:28 দুপুর • 5 বার পঠিত
তাহসিফের ‘ভিডিওর’ কারণে অনেকে হত্যা থেকে বেঁচে যায়: আদালতকে রাষ্ট্রপক্ষ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করে প্রকাশের কারণে ২০২৪ সালের ৫ অগাস্ট অনেকে হত্যা থেকে বেঁচে যান বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে বৃহস্পতিবার তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলার রিমান্ড শুনানিতে তিনি এ দাবি করেন।

এ দিন মামলায় তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এর আগে গত ৩১ অক্টোবর দীপের প্রথম দফায় চারদিন, মঙ্গলবার আরও ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। দুই দফায় ৭ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দীপকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “এটা একটা আলোচিত মামলা। তাহসিফ সাউরিকে হত্যা করা হয়। তার লাশ তুরাগ নদীতে পাওয়া যায়। লাশ উদ্ধারের আগেরদিন সন্ধ্যা ৬টার দিকে দীপ বাসা থেকে ডেকে নেয় তাহসিফকে। একই সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়। দীপ পরে দিশাকে (ঘটনার দিন তাহসিফের সঙ্গে বারে ঢুকতে ও বের হতে দেখা যাওয়া তরুণী) ফোন করে নেয়।

“তারা তিনজন রেস্টুরেন্টে সময় কাটান। পরে দীপ তাহসিফকে নিয়ে তুরাগ নদীর পাড়ে যায়। পরে তো তাহসিফের লাশ পাওয়া যায়। তাকে (দীপ) গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে অনেক কিছু বলেছে, অনেক কিছু গোপন রেখেছে।”

ওমর ফারুক দাবি করেন, “তাহসিফই ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করে। দুপুর ১২ টার সময় (২০২৪ সালের ৫ অগাস্ট) তা প্রকাশ করে। জনগণ জানতে পারে, হাসিনা পালিয়ে গেছে। পুলিশ-প্রশাসনও দেখে হাসিনা পালিয়ে গেছে। তাহসিফের ভিডিওয়ের কারণে অনেকে হত্যা থেকে বেঁচে যায়।”

দীপের পক্ষে তার আইনজীবী মনিরুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন চেয়ে বলেন, “মামলা হওয়ার দুইদিন আগে থেকে দীপ পুলিশ কাস্টডিতে। আট দিন পুলিশ হেফাজতে। আর যিনি আজ রিমান্ড আবেদন নিয়ে এসেছেন তিনি মামলার তদন্ত কর্মকর্তা নন। তার কোনো অথরাইজেশন নেই। কেস ডকেট নেই। রিমান্ড চাইতে পারেন না। আর জাতি জানে, ভিডিওটি উনি (তাহসিফ) করেননি। মিডিয়াতে তা এসেছে।”

তদন্ত কর্মকর্তা নিয়ে আসামিপক্ষের আপত্তি নিয়ে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, “তিনি ইন্সপেক্টর পদমর্যাদার। এমন পদমর্যাদার যে কেউ রাষ্ট্রপক্ষে কাজ করতে পারে। আইনগত বাধা নেই।”

পরে আদালত তৃতীয় দফায় দীপের ৩ দিনের রিমান্ডের আদেশ দেয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গেল ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

তিনি ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

দীপ ২৯ অক্টোবর বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।

তিন দিনেও মামলা না হওয়ায় তাকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে ৩০ অক্টোবর রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই দিন রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন দীপকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। মঙ্গলবার দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ডের আদেশ হয়।

এছাড়া দীপের দেওয়া তথ্যেই ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করেন দীপ। একপর্যায়ে তাকে নিয়ে গেল শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

এ মামলায় গেল রোববার তাহসিফ সাউরির সঙ্গে দেখা যাওয়া জেরিকা তাসনিম দিশাকে চার দিনের রিমান্ড দেয় আদালত।

চার দিনের রিমান্ড শেষে বুধবার দ্বিতীয় দফায় দিশার তিন দিনের রিমান্ডের আদেশ হয়। ঘটনার দিন রাতে তাহসিফের সাথে দিশাকে উত্তরার একটি বারে দেখা গিয়েছিল।