বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন

মোহাম্মদ খাইরুল আমিন • 19 নভেম্বর 2026, 09:29 সকাল • 5 বার পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে (৮১) কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নুরুল ইসলাম নাহিদ ঘটনার বিষয়ে এবং পলাতক অপর আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

তদন্তের স্বার্থে প্রয়োজনে পরে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে এবং তার জামিনের বিরোধিতা করা হয়েছে।এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১) উত্তরা পশ্চিম থানাধীন জামিয়াছিন ইসলামিয়া মাদরাসার কিতাব বিভাগে পড়াশোনা করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরস্থ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিকুল ইসলাম।পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের হওয়া আরও ১০টি মামলার তথ্য রয়েছে।