বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জের কাশিয়ানীতে এমপির বাড়ি, মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 19 নভেম্বর 2026, 09:20 সকাল • 4 বার পঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে এমপির বাড়ি, মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ

গোপালগঞ্জের জেলাজুড়ে চলমান সহিংসতার মধ্যে কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ঘটা এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর করতেও দেখা গেছে।

সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়েনের শিবগাতী গ্রামে তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

এ সময় তার কয়েকজন সহযোগি ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী মিছিল নিয়ে সকালে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন।

এক পর্যায়ে দুইটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগও উঠেছে।

তবে মিছিল কারীরা বাড়িতে প্রবেশ করার পর পর সেলিমুজ্জামান সেলিমের বাড়ির লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। এ কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাচুর চালানো হয়েছে।

এসব বিষয়ে জানতে কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মকসুদপুর থানায় ভাঙ্চুর ও আগুন

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মকসুদপুর থানায় ভাঙ্চুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে থানার সামনে পুলিশের সরকারি ও জব্দ করে রাখা একাধিক গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়।

তবে একাধিক স্থানীয় সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, থানায় ভবনে বুধবার সন্ধ্যা থেকেই কেউ ছিলেন না, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মুকসুদপুর থানার পর মিছিলকারীরা মুকসুদপুর থানার পাশে ফরিদ মিয়া সুপার মার্কেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা চালায়। পরে সেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরপর মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়ের হামলা চালিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

মহাসড়ক অবরোধ

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

এছাড়া গোপালগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতেও ব্যারিকেড দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ শহরেও নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোর থেকেই শহর ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছে না। শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

এমন পরিস্থিতিতে বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি।

তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।