উত্তরায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইকের ২ আরোহী নিহত
রাজধানীর উত্তরায় একটি দ্রুতগামী কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ৫৫ বছর বয়সি ফালু মিয়া মারা যান। আর ৪০ বছর বয়সি আরিফুর রহমানকে দুপুর ১২টায় ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা করা হয়।
আরিফুর পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক আরিফুর ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। নিহত ফালুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আরিফুর রহমানের চাচাতো ভাই মনির বলেন, আরিফ পোস্তগোলার একটি পুরনো লোহা কেনাবেচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে আরিফ ও ফালু মিয়া একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় উত্তরা জসীমউদ্দীন রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই ছিটকে পড়েন।
মনির জানান, স্থানীয়রা ফালু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন, আর আরিফকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করে বিমানবন্দর থানায় হেফাজতে নেওয়া হয়েছে।