শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2026, 12:58 দুপুর • 4 বার পঠিত
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অনুবাদ বিভ্রাটের ফলে বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া।

তার অভিযোগ, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মানুষ বলত, যার সঙ্গে বৈঠকে বসেছেন, তার নামটাও জাপানের মন্ত্রী ঠিকঠাক জানেন না।

অনুবাদ বিভ্রাটের কারণে তিনবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা বলেছেন আকাজাওয়া। সবশেষ ঘটনা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের কথা তুলে ধরেছেন জাপানের মন্ত্রী।

তিনি এক্স পোস্টে লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পোস্ট করার সময় জাপানি ভাষায় তার সঠিক নাম লিখেছিলাম। কিন্তু ইংরেজিতে যান্ত্রিক অনুবাদে নামটি ভুলভাবে আসে। ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।”

ইলন মাস্কের এক্সকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “নামের অনুবাদে এমন উদাসীনতা দেখানো প্ল্যাটফর্মের কার্যক্রম মৌলিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন!”

অনুবাদ বিভ্রাটের বিষেয়ে আকাজাওয়া বলেন, “এটি আসলে গুরুতর বিষয়। বাংলাদেশের মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, তাদের প্রধানমন্ত্রীর নামটাই জাপানের বাণিজ্যমন্ত্রী জানেন না।”

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাণিমন্ত্রীসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ২৮ অক্টোবর এক্সে জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টে আকাজাওয়া লিখেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। পোস্টের সঙ্গে দুই নেতার ছবিও ছিল।

কিন্তু প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদে তারেক রহমানের স্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেষ হাসিনার নাম লেখা হয়।

আকাজাওয়ার দাবি, এ সমস্যায় পড়ার ঘটনা এটিই প্রথম নয়।

তিনি বলেন, বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে পোস্ট দেওয়ার পরও একই ধরনের ভুল হয়। অনুবাদে বলা হয়, তিনি কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে তার পোস্টের অনুবাদেও ভুল নাম লেখা হয়েছিল বলে অভিযোগ আকাজাওয়ার।

তিনি বলেন, “আমি তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”