শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2026, 08:11 সকাল • 3 বার পঠিত
মার্কিন শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে বড় দরপতনের মুখে পড়েছে দেশটির শেয়ারবাজার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়াল স্ট্রিটে এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার বা ২.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে বিভিন্ন কোম্পানি।

এর প্রভাব ছড়িয়ে পড়েছে এশিয়ার বাজারেও। শুক্রবার (৬ নভেম্বর) লেনদেনের শুরুতে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ কমে গেলে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি ১০ শতাংশের বেশি নেমে সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে।

২০২৫ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের পতন। একই দিন ডাও জোনস ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারিয়েছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচকেও বড় পতন হয়েছে।এর আগের দিন বুধবার মধ্যবর্তী নির্বাচনের পর ডাও জোনস ১ হাজার ৫৬৯ পয়েন্ট এবং নাসডাক ১ দশমিক ৪৪ শতাংশ বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই উত্থানের সব অর্জন মুছে যায়।

বাজারে দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয়কে। এআই অবকাঠামোর গুরুত্বপূর্ণ কেন্দ্র টেক্সাসে গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআই বিপুল বিনিয়োগ করেছে। তবে নির্বাচনি প্রচারে হিনোজোসা নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখা এবং এ খাতের কিছু কর-সুবিধা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে প্রযুক্তি খাতে ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর প্রভাবে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। টেসলার শেয়ার ১১ শতাংশ, স্পেসএক্সের ৯ শতাংশ এবং কোয়ালকমের ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। এআই কম্পিউটিং প্রতিষ্ঠান কোরউইভ ও নেবিয়াসের শেয়ারের দরপতন হয়েছে যথাক্রমে প্রায় ১০ ও ১৫ শতাংশ। চিপ নির্মাতাদের একটি গুরুত্বপূর্ণ সূচক কমেছে ১২ দশমিক ৩ শতাংশ, যা প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ এক দিনের পতন।

বাজারের অস্থিরতা পরিমাপক ভিআইএক্স সূচক এক দিনেই প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এসঅ্যান্ডপি ৫০০-এর ১১টি খাতের সব কটিতেই দরপতন হয়েছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৮৪ শতাংশে নেমেছে।

ইয়ারডেনি রিসার্চের প্রেসিডেন্ট এড ইয়ারডেনি মনে করেন, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ ও জল্পনা কমানো প্রয়োজন। তার মতে, এ খাতের বুদবুদ একবারে ফেটে যাওয়ার চেয়ে ধীরে ধীরে এর বাতাস বেরিয়ে যাওয়া ভালো। তবে ট্রুইস্ট অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা কিথ লার্নারের মতে, বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক যথাক্রমে প্রায় ১২ ও ৬ শতাংশ কমেছে। অন্যদিকে, ৫ আগস্টের সর্বোচ্চ অবস্থান থেকে ডাও জোনস কমেছে প্রায় ৫ শতাংশ। এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ, নতুন নিয়ন্ত্রণ এবং চাহিদার তুলনায় বেশি ডেটা সেন্টার নির্মাণের আশঙ্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অনিশ্চয়তা বাড়ছে।