শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2026, 08:15 সকাল • 4 বার পঠিত
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

 বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে রাখতে পারে-এমন আশঙ্কায় সোনার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টা ১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪ ডলার ৯ সেন্টে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর কমে ১ দশমিক ৫ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৪ হাজার ৫৩ ডলার ৩০ সেন্টে।

তবে দরপতন হলেও চলতি সপ্তাহে সোনার বাজার আগস্টের শেষ দিকের পর সবচেয়ে ভালো সাপ্তাহিক অবস্থানে থাকার পথে রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।

এমন পরিস্থিতিতে ফেড সুদের হার দীর্ঘ সময় বেশি রাখলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।এদিকে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান সংঘাতের ভবিষ্যৎ পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তবে চলতি সপ্তাহে জ্বালানি তেলের সামগ্রিক দামে বড় পতনের আশঙ্কা রয়েছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ৬৮ শতাংশ সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। গত মাসে এ সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করা হলেও বর্তমানে তা কমেছে।

অন্যদিকে, বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার সম্ভাব্য দাম ৪ হাজার ৬৫০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ১৫০ ডলার নির্ধারণ করেছে। ফেডের কঠোর সুদনীতির আশঙ্কায় এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ৫১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫১২ ডলার ৮৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২০ ডলারে দাঁড়িয়েছে।