মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের উত্থানে চাঙা এশিয়ার পুঁজিবাজার

আতাউল্লাহ পলাশ • 10 নভেম্বর 2026, 08:02 সকাল • 8 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের উত্থানে চাঙা এশিয়ার পুঁজিবাজার

 গত সপ্তাহের দরপতনের পর তুলনামূলক কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগিয়েছেন বিনিয়োগকারীরা। এর ফলে মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

প্রযুক্তি খাতের শেয়ারের নেতৃত্বে আগের দিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে সবচেয়ে বেশি উত্থান দেখা গেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর এসব প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়তে পারে— এমন আশঙ্কায় শেয়ারবাজারে যে দরপতন হয়েছিল, মঙ্গলবারের পরিস্থিতি ছিল তার সম্পূর্ণ বিপরীত।

তবে প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পর প্রতিষ্ঠানগুলো কতটা মুনাফা করতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ এখনো কাটেনি।

সোমবার নিউইয়র্কের শেয়ারবাজারে অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম দামে শেয়ার কেনার প্রবণতায় প্রযুক্তি খাত ঘুরে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আস্থা এখনো শক্তিশালী।

সোমবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের উত্থান হয়। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক এক দিনেই ২ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। মঙ্গলবার এর ধারাবাহিকতা বজায় থাকে এশিয়ার শেয়ারবাজারেও।

দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক একপর্যায়ে ৫ শতাংশের বেশি বেড়ে যায়। দেশটির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দামেও উল্লেখযোগ্য উত্থান দেখা যায়।

জাপানের নিক্কেই সূচক প্রায় ৩ শতাংশ বেড়েছে। কিওক্সিয়া, সফটব্যাংক ও টোকিও ইলেকট্রনের শেয়ারের দরবৃদ্ধি এ উত্থানে ভূমিকা রেখেছে।

তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির শেয়ার ১ শতাংশের বেশি এবং মিডিয়াটেকের শেয়ার ৭ শতাংশের বেশি বেড়েছে। এর ফলে দেশটির তাইএক্স সূচক ৩ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

এ ছাড়া হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ম্যানিলা ও ওয়েলিংটনের শেয়ারবাজারেও সূচকের উত্থান হয়েছে।

তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক স্টিফেন ইনেস মনে করেন, এই উত্থানকে শেয়ারবাজারের সামগ্রিক সুস্থতা ফিরে আসার লক্ষণ হিসেবে দেখা ঠিক হবে না।

এক বিশ্লেষণধর্মী মন্তব্যে তিনি লেখেন, ‘বিক্রেতারা শেয়ার বিক্রি থেকে সরে দাঁড়িয়েছেন বলেই বাজারে উত্থান হয়েছে। সব বিনিয়োগকারী হঠাৎ করেই নতুন করে সাহস ফিরে পেয়েছেন, বিষয়টি এমন নয়।’

তিনি আরও বলেন, ‘টানা দ্বিতীয় সেশনের মতো বিপুল মূলধনী বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ারের তুলনায় যারা এই অর্থ বিনিয়োগ করছে, তাদের শেয়ারের দর অনেক কম বেড়েছে।’

স্টিফেন ইনেস বলেন, ‘এআই খাতে বিনিয়োগের ক্ষেত্রে হাইপারস্কেলার প্রতিষ্ঠানগুলো এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীরা চূড়ান্ত মুনাফার বিষয়ে আরও সতর্ক হয়ে উঠলেও যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান, অপটিক্যাল নেটওয়ার্কিং কোম্পানি এবং নির্বাচিত কিছু ডেটা সেন্টার সরবরাহকারী প্রতিষ্ঠান চলমান বিনিয়োগ কর্মসূচি থেকে এখনো লাভবান হতে পারে।’

ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত

এদিকে মধ্যপ্রাচ্যের সংকটের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারে— এমন আশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান দুটি বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ কমেছে। এর আগের দিনও বড় ধরনের দরপতন হয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়।

চলতি মাসে এ পর্যন্ত তেলের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। সাত মাস ধরে চলা সংঘাতের অবসান হতে পারে— এমন ধারণা থেকে বিনিয়োগকারীরা তেলের বাজারে নতুন করে হিসাব-নিকাশ করছেন। এই সংঘাতের কারণে মূল্যস্ফীতি বেড়েছে এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের অবসানের পথে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে আমার চমৎকার আলোচনা হয়েছে।’

তিনি আরও জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিয়ে বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, চলতি মাসেই ট্রাম্প ইরানে আবারও হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। তবে এখন তিনি এমন পদক্ষেপের সম্ভাবনা কম বলে জানাচ্ছেন, যদিও হামলার পথ পুরোপুরি বন্ধ করেননি।


#আন্তর্জাতিক #বাসস