মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় কাতার, সৌদি আরব: ট্রাম্প

মোহাম্মদ খাইরুল আমিন • 10 নভেম্বর 2026, 06:22 সকাল • 9 বার পঠিত
ইরান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় কাতার, সৌদি আরব: ট্রাম্প

ইরানের প্রতিবেশী কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও অন্য দেশগুলো নতুন করে সংঘাতের বদলে শান্তিকে প্রাধান্য দিতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ও পরে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিং রুমে ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ার এই দেশগুলোর আবেদনের পর আপাতত তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো স্থগিত রাখার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে তিনি হোয়াইট হাউজে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনার কথা উল্লেখ করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সাংবাদিকদের তিনি বলেছেন, “সর্বকালের সেরা সরঞ্জামে সজ্জিত হয়ে যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি প্রস্তুত আর আমরা মনে করি না এটি ব্যবহার করার কোনো কারণ তৈরি হবে।”

তিনি জানান, তিনি ইরানের ‘প্রতিবেশী দেশগুলোর অনুরোধে’ সাড়া দিয়েছেন যারা চায় না ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালাক’।

তেহরানের সঙ্গে আলোচনার একজন প্রধান মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানির সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের পর ট্রাম্প এসব কথা বলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ অবসানের প্রচেষ্টা জোরদার করতে কাতারের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন।

আল থানি কাতারের প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। গত সপ্তাহে তেহরান সফর করার পর এবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

থানি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে তার আলোচনাকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছেন।

এক্সে তিনি লিখেছেন, “একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য কৃতজ্ঞ।”

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মিলে যে সংঘাত শুরু করেছিলেন তা আট মাসের বেশি সময় ধরে চলছে। ট্রাম্প শিগগিরই বড় ধরনের যুদ্ধ ফের শুরু হওয়ার সম্ভবনাকে গুরুত্ব দেননি কিন্তু ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাটি মেনে নিতেও ইচ্ছুক না। যুক্তরাষ্ট্র ও পারস্য উপসগারীয় অঞ্চলের ঊধ্র্বতন কর্মকর্তারা শিগগিরই কোনো চুক্তি হওয়ার সম্ভবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিক আক্রমণ অব্যাহত আছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবর অনুযায়ী, রাতে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে আঘাত হেনেছে। অপরদিকে চলতি মাসে ইরান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একাধিক ট্যাংকারে হামলা চালিয়েছে আর তাদের মিত্র ইয়েমেনের হুতিরা সৌদি আরবে আঘাত হেনেছে।