বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

মোহাম্মদ খাইরুল আমিন • 29 অক্টোবর 2026, 04:02 দুপুর • 2 বার পঠিত
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় ৮টা) ফ্লাইটটি যাত্রা করে।

চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি তখন ছাড়তে পারেনি।

বিমানের ভেতরে কিছু সময় অপেক্ষার পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা নেমে আসেন।

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের তরফে তখন যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও সেটির ধরন কী তা বলা হয়নি। পরে চার ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সোয়া ৭টা) উড়োজাহাজটির ত্রুটি সারিয়ে তা যাত্রার জন্য প্রস্তুত হয়।

বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের কথা বলেন। তবে কী ধরনের ত্রুটি সেটি তিনি বলেননি।

স্থানীয় সময় সোয়া ১০টার দিকে মন্ত্রী বলেন, উড়োজাহাজের ত্রুটি সারাই করার পর প্রধানমন্ত্রীসহ যাত্রীরা বিমানে উঠেছেন।

যাত্রা বিলম্বের জন্য তিনি যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেন।

ত্রুটি সারানোর পর ফ্লাইটটি ঢাকার পথে রওনা হলে বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগ রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭ এর কারিগরি ত্রুটি মেরামতের পর ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করেছে।

বিমানমন্ত্রী এবং বিমান বাংলাদেশের উপমহাব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা ঠিকভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ শেষ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৩টায় ফ্লাইটটির ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার কথা রয়েছে।

এর আগে নারিতা থেকে ঢাকার পথে চলাচলকারী বিমান বাংলাদেশের নিয়মিত এ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘোষণা দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীসহ অন্যরা ওঠার কিছু সময় পর।

বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিকাল সাড়ে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।”

পরে বিকাল সোয়া ৫টায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিমানের জনসংযোগ বিভাগ বলে, “মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।

“বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।”

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটি ঢাকার পথ ধরার কথা থাকলেও সেটি এখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছে বলে তখন জানিয়েছিলেন এক যাত্রী।

তিনি জাপানের সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬টা ১৭ মিনিটে বিমান চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন’।

“এর ৪০ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘আমরা আগের স্থানেই ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন’।”

পরে ওই যাত্রী বলেন, “ক্যাপ্টেন ইমামুল রাত ৮টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ঘোষণা দেন, ‘কাজ চলছে, তবে আরও সময় লাগবে’। আপনাদের লবিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের কিছুক্ষণ অবস্থান করার ব্যবস্থা করা হচ্ছে।”

সফরসঙ্গীদের একজন জানান, প্রধানমন্ত্রীকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়েছে। পরে যাত্রীদেরও নিয়ে যাওয়া হয়। বিমানের তরফে তাদের খাবারও সরবরাহ করা হয়।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।