রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

তিন মাস পর পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 12:33 দুপুর • 21 বার পঠিত
তিন মাস পর পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

দরপতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে আগের দিন নিয়ন্ত্রক সংস্থার সচেতন থাকার বার্তা দেওয়ার মধ্যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকা। প্রায় তিন মাস পর এদিন আবার লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এর আগে গত ২ অগাস্ট এ বাজারে শেয়ার হাতবদল হয় এক হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার। পরের দিনও এক হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

এরপর লেনেদন কমতে শুরু করে। অগাস্টের শেষ দিনে লেনদেন কমে ৪৭৭ কোটি টাকার নিচে নেমে যায়। পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরে লেনদেন বেশিরভাগ সময় ৫০০ কোটি টাকার আশেপাশে ছিল। একইরকম লেনদেন চিত্র ছিল অক্টোবরেও।

এরপর বেশ কিছু সময় ধরে অবরুদ্ধ থাকা প্রায় একশ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্ত দিয়ে খুলে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ইতিবাচক প্রভাব পড়ে লেনদেনে। ৯ নভেম্বর থেকে ডিএসইতে বাড়তে থাকে শেয়ার কেনাবেচা।

লেনদেনের সঙ্গে রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সও আগের দিনের চেয়ে ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্ট।

এদিন সকালে ডিএসইএক্স উত্থান দিয়ে শুরু করে প্রথম দুই ঘণ্টা টানা বিরতি ছাড়াই এগিয়ে যায়। সূচক ৫ হাজার ৫৭০ পায়েন্ট পর্যন্ত উঠে কিছুটা সংশোধনে যেতে শুরু করলে ৫ হাজার ৫৫৬ পয়েন্টে থেমে যায়। সেখান থেকে ঘুরে সূচক শেষ পর্যন্ত অব্যাহত ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখে।

এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজার নিয়ে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্কবার্তা দেয় বিএসইসি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংস্থাটি জানায়, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে মর্মে ঘোষণা দিয়ে বিভিন্ন অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি বিএসইসির দৃষ্টিগোচর হয়েছে।

‘‘এ ধরনের প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর। বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য বিএসইসি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’’

গুজব প্রচারের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও কমিশন বিবেচনা করছে বলে জানায়।

রোববার ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, দিন শেষে সবচেয়ে বেশি এগিয়েছে ব্যাংক, বস্ত্র, ওষুধ, সিরামিক ও আর্থিক প্রতিষ্ঠান খাত।

এদিন ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বাড়ে ২১২টির, কমে ১০৫টির ও আগের দরে লেনদেন হয় ৫৬টির।

দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টস ও এমএল ডাইংয়ের। এরপর সার্কিট ব্রেকারের কাছাকাছি দর বাড়ে হুয়ায়েল টেক্সটাইলস ও শাইনপুকুর সিরামিকসের।

অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে ছিল স্ট্যান্ডার্ড সিরামিকস, ডরিন পাওয়ার ও সামিট পাওয়ারের শেয়ার দর