শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি জোটের ‘বিশেষ অভিযানের’ পর রিয়াদে পাল্টা হামলা হুতিদের

আতাউল্লাহ পলাশ • 21 নভেম্বর 2026, 05:47 সকাল • 26 বার পঠিত
সৌদি জোটের ‘বিশেষ অভিযানের’ পর রিয়াদে পাল্টা হামলা হুতিদের

সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ সামরিক অভিযানের’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

চলতি গ্রীষ্মে প্রতিবেশী ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের ওপর হামলার মাত্রা বেড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে রিয়াদ। অন্যদিকে দেশটির হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা’ জানিয়ে সতর্কতা জারি করার কিছুক্ষণ পরই শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়।

এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া হুতিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

ইরান-সমর্থিত হুতিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদও রয়েছে।

শুক্রবার লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদা এবং অন্যান্য স্থানে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল হুতিরা। এর পরই নতুন করে হামলার ঘটনা ঘটল।

জোটের দাবি, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে ‘বিশেষ অভিযান’ চালানো হয়েছে।

এ ছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলা সংঘাতের পর এসব হামলার মধ্য দিয়ে ইয়েমেনে সহিংসতা আরও বেড়েছে।

হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের জেদ্দা শহরসহ লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছিল হুতিরা। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল তারা। গোষ্ঠীটি রিয়াদের আর্থিক জেলা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দেয়।

‘বিশেষ অভিযান’

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হোদেইদা বন্দরে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোরাচালানের কাজে ব্যবহৃত সামরিক সক্ষমতাসম্পন্ন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনার স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে জোটের বাহিনী।

হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় জোটের বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে কয়েক ডজন বিমান ও ড্রোন হামলা এবং শত শত গোলাবর্ষণের ঘটনায় ১৯৩ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।

তবে উভয় পক্ষের দেওয়া এসব হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জোটের মুখপাত্র আরও জানান, ইয়েমেন সীমান্তের কাছে জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেন, তাদের বাহিনী আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জিজান বন্দরে ‘নির্ভুল ও সরাসরি’ হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে জোটের বিমান হামলার পর মোচা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশনে প্রচার করা হয়েছে।

এর আগে রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে হুতিদের হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা অভিযান শুরু হয়। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত হামলা।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের কার্যালয় থাকা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘সৌদি আকাশসীমা অনিরাপদ’

হোদেইদা বন্দরের আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট সতর্কতা জারির পর হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ অন্যান্য বন্দরে হামলার হুমকি দেয়।

হুতিদের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র জেদ্দা বন্দর ব্যবহারকারী জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে ই-মেইল পাঠিয়ে বন্দর এলাকা খালি করার সতর্কবার্তা দেয়।

একই সঙ্গে হুতিরা সব বিমান সংস্থাকে সতর্ক করে জানায়, সৌদি আকাশসীমা অনিরাপদ। আগামী কয়েক ঘণ্টায় সেখানে তাদের সামরিক অভিযান পরিচালিত হতে পারে। তবে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা এর আওতামুক্ত থাকবে বলে জানায় গোষ্ঠীটি।

এ ছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে হুতিরা। এলাকাটির কার্যালয়গুলো কয়েক সপ্তাহ আগেই খালি করা হয়েছিল। হুতিরা এটিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে।

ইয়েমেনের গৃহযুদ্ধে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে হুতিরা অভিযোগ করে, সৌদি বাহিনী একটি বেসামরিক নৌযানে হামলা চালিয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী চলতি মাসে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। এতে ওই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যায়। গত সেপ্টেম্বরে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিল গোষ্ঠীটি।

বর্তমানে হুতিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি অগ্রসর হয়েছে। ২০১৪ সালে হুতিদের হাতে রাজধানী সানার নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সানা ছেড়ে এডেনে আশ্রয় নেয়।

২০১৫ সালের শুরুর দিকে হুতিদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

চলমান হামলা ও সংঘাতের ঘটনায় শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।


#আন্তর্জাতিক #বাসস