শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

মোহাম্মদ খাইরুল আমিন • 30 অক্টোবর 2026, 08:16 সকাল • 4 বার পঠিত
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় লাগা আগুনে নিহত পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এর মধ্যে নয়জনের মরদেহ দেশে এসেছে গত ২৭ আগস্ট।

অবশিষ্ট সাতটি মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সব ঠিক থাকলে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহীন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

নওগাঁ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টের পাঠানো খবর:

নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহের সঙ্গে একই দুর্ঘটনায় নিহত নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মো. শামীম এবং একই উপজেলার সাব্বির হোসেনের মরদেহও আসছে একই দিন। 


আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও রিয়াদ দূতাবাসের সমন্বয়ে মরদেহগুলো দেশে আনা হচ্ছে। আজ বিকেলে নিহতদের স্বজনদের ডাকা হয়েছে। সরকারিভাবে প্রতি পরিবারে মরদেহ পরিবহনের জন্য ৩৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। বিকেলে তাদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা হবে। তবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে না। মরদেহগুলো নিজ নিজ বাড়িতে নেওয়া হবে। পারিবারিকভাবেই তাদের জানাজা ও দাফন হবে।