মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ‘সন্তোষজনক আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জি-২০ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৈঠক শেষে সাংবাদিকদের লাভরভ বলেন, ‘হ্যাঁ, আমাদের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে। তবে তা সংক্ষিপ্ত ছিল। কারণ, আয়োজক হিসেবে স্বাভাবিকভাবেই তার (রুবিওর) অনেক দায়িত্ব রয়েছে।’
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে লাভরভের অংশগ্রহণ ইউরোপের কয়েকটি দেশের মধ্যে অসন্তোষ ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। একই সঙ্গে এ সফর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে।
শুক্রবার লাভরভ বলেন, রাশিয়ার অবস্থানের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। তার দাবি, এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের ‘মূল কারণগুলো’ স্বীকার করেছে।
মস্কোর সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের প্রশংসা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর ‘অহংকারী বর্জননীতি’র সমালোচনা করেন তিনি।
২০২২ সালে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ মস্কোকে কূটনৈতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন করে রেখেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন লাভরভ নিজেও।
এদিকে, কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের প্রচলিত পারিবারিক ছবি তোলার আয়োজন বাতিল করা হয়। লাভরভের সঙ্গে একই ছবিতে থাকতে আপত্তি জানান ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তা।
আগামী মাসে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে লাভরভের এ মন্তব্য সামনে এলো।
সাংবাদিকদের তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার প্রচেষ্টার সমালোচনা করেন তিনি। লাভরভের মতে, এ ধরনের উদ্যোগ আলোচনার জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরি করছে না।
আগামী বৈঠকের আগে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শুক্রবার বিকেলের একটি ঘোষণা। এতে ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের কথা জানানো হয়।
এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আগে দেওয়া কয়েকটি প্রস্তাব বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার জন্যও তাদের দায়ী করেন লাভরভ। তাঁর দাবি, এসব প্রস্তাবের প্রতি রাশিয়ারও সমর্থন ছিল।