শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি: পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ এ ঘুরে দাঁড়াল ছেলেরা

মোহাম্মদ খাইরুল আমিন • 31 অক্টোবর 2026, 08:10 সকাল • 5 বার পঠিত
এইচএসসি: পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ এ ঘুরে দাঁড়াল ছেলেরা

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গত কয়েক বছরের মত এবারও পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে কয়েক বছর পর মেয়েদের পেছনে ফেলতে পেরেছে ছেলেরা।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছিল ছাত্রী। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। সেই হিসাবে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।

অন্যদিকে, ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে মেয়েরা।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে এবার মোট ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

অর্থাৎ মেয়েদের চেয়ে ৬৪২ জন বেশি ছেলে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫, দুই দিক দিয়েই এগিয়ে ছিল মেয়েরা।

গতবছর পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। তাদের মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, অর্থাৎ ৬২ দশমিক ৯৭ শতাংশ পাস করেছিল।

অন্যদিকে, ৬ লাখ ১১ হাজার ২১৫ জন ছাত্রের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন পাস করেছিল। তাদের পাসের হার ছিল ৫৪ দশমিক ৬০ শতাংশ।

গত বছর জিপিএ-৫ পাওয়া ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। সেই হিসাবে ছেলেদের চেয়ে ৪ হাজার ৯৯১ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছিল।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে বছর মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। তাদের মধ্যে ছাত্রী ছিল ৮০ হাজার ৯৩৩ জন এবং ছাত্র ৬৪ হাজার ৯৭৮ জন।

তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল। বিপরীতে ছাত্রদের মধ্যে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছিল ৪৩ হাজার ২৩০ জন। সে বছর ছেলেদের চেয়ে ৬ হাজার ১৩৫ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছিল।