বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

আতাউল্লাহ পলাশ • 18 নভেম্বর 2026, 04:19 সকাল • 3 বার পঠিত
ইরানের দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পরও উপসাগরীয় অঞ্চলে দেশগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুধবার কুয়েত জানিয়েছে, দেশটি ‘শত্রুতাপূর্ণ ড্রোন হামলা’ প্রতিহত করছে। এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

বুধবার ভোরে ইরানের পক্ষ থেকে চালানো হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনও। এর এক দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছিল, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও সম্প্রতি লড়াই কিছুটা কমে এসেছিল। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ এখনো কাটেনি।

উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশও এই সংঘাতের প্রভাবের মুখে পড়েছে। ইরান পাল্টা হামলা জোরদার করায় পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বুধবার কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুতাপূর্ণ ড্রোনের হুমকি মোকাবিলা করছে’। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এএফপিকে জানান, মার্কিন যুদ্ধবিমান থেকে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে কেশম দ্বীপে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন সেনাসদস্য ও সামরিক স্থাপনায় ইরানের ‘আগ্রাসী হামলার’ জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান চলছে। ইরান এই নৌপথ বন্ধ করার চেষ্টা করলেও সেখানে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মার্কিন সামরিক বাহিনী।

- ইরানের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ -

যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত সরাসরি বড় ধরনের সংঘাতে জড়ানো থেকে বিরত থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনে হামলা চালানোর জন্য ইরান তথাকথিত ‘ডার্টি বোমা’ ব্যবহারের পরিকল্পনা করছে—এমন খবর তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সিএনএন সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে ইরান কাজ করছে। তবে ইরান সত্যিই এ ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে—এমন দাবি ওই কর্মকর্তারা নিশ্চিত করেননি।

ট্রাম্প বলেন, ‘যদি এ ধরনের কোনো হুমকি সত্যিই থাকে, তাহলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা এর আগে বিশ্বের আর কোনো দেশকে দিতে হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এমন কিছু নয়। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা অস্বাভাবিক আচরণ করতে পারে।’

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ‘ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো’ বলে মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার বাহরাইনের রাজধানীজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাহরাইনের সশস্ত্র বাহিনী জানায়, মঙ্গলবার ইরানের চালানো বেশ কয়েকটি ‘বিশ্বাসঘাতক আকাশপথের হামলা’ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডারব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাহিনীর সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ বলা হয়, মঙ্গলবার সকালে বিপ্লবী গার্ড বাহিনীর যুদ্ধ ড্রোন ব্যবহার করে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি রাডারব্যবস্থায় নিখুঁতভাবে হামলা চালানো হয়।

বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

এ ছাড়া কেশম দ্বীপের দক্ষিণে একটি মার্কিন ড্রোন শনাক্ত করে আটক করার দাবিও করেছে বাহিনীটি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর দেশটি ব্যাপক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তবে কয়েক সপ্তাহ সেখানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। গত শুক্রবার ও রোববার ইরানের ড্রোন হামলার পর আবারও পরিস্থিতির অবনতি ঘটে।

হামলার আশঙ্কায় বাড়ছে ‘ভয় ও উদ্বেগ’

মঙ্গলবার বাহরাইনের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির সরকারি কর্মকর্তা চল্লিশোর্ধ্ব আবদুর রহমান আবদুল্লাহ।

এএফপিকে তিনি বলেন, ‘আমি যখন কর্মস্থলে যাচ্ছিলাম, তখনই সতর্কসংকেত বেজে ওঠে।’

তিনি আরও বলেন, ‘হামলার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগও বাড়ছে। আমরা আশা করি, পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসবে।’

এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

এর আগে থেকেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নৌবাহিনীর উপস্থিতি ছিল। সেখানে রয়েছে আরও দুটি বিশাল বিমানবাহী রণতরি—জর্জ এইচ ডব্লিউ বুশ ও জর্জ ওয়াশিংটন। এ ছাড়া রয়েছে এক ডজনের বেশি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলনের আগে ইরানের ড্রোন হামলা আবারও শুরু হয়েছে।

চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বিশ্বশান্তি’ নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে ইরান যুদ্ধের বিষয়টিও আলোচনায় তুলবেন তিনি।


#আন্তর্জাতিক #বাসস