হোটেল-পর্যটন খাতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণ অপরিহার্য : বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হোটেল ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিরোধের পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক জরুরি। এতে কর্মীদের অধিকার সুরক্ষা, সেবার মান উন্নয়ন এবং খাতটির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, ‘সংঘাত নয়, সহযোগিতা; বৈরিতা নয়, সৌহার্দ্য'- এই নীতিগুলো অনুসরণ করলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে নবনির্বাচিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বিমানমন্ত্রী এসব কথা বলেন।
কর্মক্ষেত্রে বিরোধ নিষ্পত্তিতে গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি কর্মীদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য দাবি-দাওয়া উত্থাপনের আহ্বান জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ব্যবস্থাপনার সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, ‘আপনাদের কোনো ন্যায্য অভিযোগ বা দাবি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান চাইতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দাবি তুলে ধরতে হবে।’
মন্ত্রী বলেন, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই একটি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির মূল চালিকাশক্তি।
বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং পর্যটন ও হোটেল খাতের অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত কর্মীদের ন্যায্য অধিকার সুরক্ষা, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
হোটেলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও ধারাবাহিক অগ্রগতিতে আপনাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ অংশীদারত্ব রয়েছে।’
তিনি বলেন, সেবার মান বাড়াতে এবং বাংলাদেশের হোটেল খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদারে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।
নবনির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে মন্ত্রী নেতাদের শ্রমিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি হোটেলের কার্যক্রমের দক্ষতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে ব্যবস্থাপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় একটি উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়তা করতে পারে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নবনির্বাচিত ইউনিয়ন কমিটির নেতারা এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।