শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2026, 12:51 দুপুর • 5 বার পঠিত
চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুর সদরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।

স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন জ্বলে ওঠার পরপরই ঘটনাস্থল থেকে সরে যায় হামলাকারীরা।

আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি ফয়েজ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।