শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
সংস্কৃতি

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

আতাউল্লাহ পলাশ • 31 অক্টোবর 2026, 04:33 সকাল • 3 বার পঠিত
যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির প্রসারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান জাদুঘর পরিদর্শনকালে এ আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে তিনি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশের শিল্পীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখেন।

জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিমন্ত্রী এ সফর করেন। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

তিনি বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এটিকে যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশে অবস্থানরত কোনো শিল্পীর প্রথম একক প্রদর্শনী হিসেবে উল্লেখ করা হয়।

শামা ওবায়েদ জান্নাতের শিল্পকর্মের গভীরতা, ব্যাপ্তি ও সৃজনশীলতার প্রশংসা করেন। জাদুঘরের কিউরেটরিয়াল দলের সদস্যদের সঙ্গে তিনি জাদুঘরের নির্বাচিত সংগ্রহশালাও পরিদর্শন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাশমোলিয়ান জাদুঘরের পূর্বাঞ্চলীয় শিল্পকলা বিভাগের প্রধান ও কিউরেটর ড. মালিকা কুম্বেরা ল্যান্ড্রুসের সঙ্গে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং বাংলাদেশের শিল্পী ও সৃজনশীল অর্থনীতির বিকাশে সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর বাংলাদেশের সমকালীন শিল্পকলার প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতি এবং পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টার প্রতিফলন।

এতে আরও বলা হয়, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক সম্পৃক্ততার গুরুত্বও এ সফরের মধ্য দিয়ে উঠে এসেছে।

#বাসস