বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

মোহাম্মদ খাইরুল আমিন • 24 সেপ্টেম্বর 2026, 08:11 সকাল • 12 বার পঠিত
ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

সাধারণত ওয়াশিংটনে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান এলে হোয়াইট হাউসেই তাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্টরা। প্রথা ভেঙে যুক্তরাষ্ট্র সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এক নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিরাচরিত নিয়ম ভেঙে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সামরিক বিমানঘাঁটিতে যান তিনি।স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন সামরিক ঘাঁটি ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুজ’-তে বিমান নামার পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প।

মেরিল্যান্ডে অবস্থিত এই বিমানঘাঁটিটি হোয়াইট হাউস থেকে প্রায় ১৩ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের প্রবেশদ্বারে এবং চলতি বছরের এপ্রিলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে সাউথ পোর্টিকোতে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প।

বিমানবন্দরে গিয়ে বিদেশি কোনো নেতাকে স্বাগত জানানোর ঘটনা এক বিরল দৃশ্য।১৯৬২ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওয়াশিংটনের বিমানবন্দরে গিয়ে আইভরি কোস্টের প্রেসিডেন্ট ফেলিক্স উফুয়ে-বোয়িনির মতো কয়েকজন নেতাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।

তবে সাম্প্রতিক দশকগুলোতে পোপদের সফর ছাড়া এ ধরনের ঘটনা নেই।২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশ পোপ ষোড়শ বেনেডিক্টকে এবং ২০১৫ সালে বারাক ওবামা পোপ ফ্রান্সিসকে এই জয়েন্ট বেস অ্যান্ড্রুজেই স্বাগত জানিয়েছিলেন।

ট্রাম্পের এই বিশেষ পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি অ্যাক্সিওসকে জানান, চলতি বছরের গ্রীষ্মে প্রেসিডেন্ট শি জিনপিং চীনে এক ঐতিহাসিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক আতিথেয়তা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পও এই চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সেই আতিথেয়তারই প্রতিদান দিচ্ছেন।

তিনি বলেন, আমেরিকান জনগণের সমৃদ্ধি ও জাতীয় স্বার্থ রক্ষা হয়, এমন যেকোনো ভালো চুক্তির জন্য প্রেসিডেন্ট যেকোনো বিশ্বনেতার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।