শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার।
এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। তার সঙ্গে মালিক ও শ্রমিক পক্ষের একজন করে প্রতিনিধি এবং একজনকে নিরপেক্ষ সদস্য করে চার সদস্যের এই বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। আর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।
এছাড়া পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ডের চারজনের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিক পক্ষের একজন করে প্রতিনিধিকে যুক্ত করে ছয় সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন।
রোববার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপন জারি করে সদস্যদের নাম ঘোষণা করে।
প্রজ্ঞাপনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেই শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা এ বোর্ডের সঙ্গে কাজ করেন।
শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানীতে শ্রমিক অসন্তোষ চলছে। রোববারও ঢাকার মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ শেষ হবে আগামী মাসে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।