রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 06:59 সকাল • 19 বার পঠিত
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

তবে বিচ্ছিন্ন ঘটনার জেরে এখনো ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো শ্রমিকরা নিজ নিজ কারখানায় যাচ্ছেন।

তারা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। এর আগে গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।


শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইনে ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণের ওপর পরিস্থিতি অনেকাংশে নির্ভর করছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।