বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাহজালালে যাত্রীর পায়ুপথে তিনটি ‘সোনার ডিম’

মোহাম্মদ খাইরুল আমিন • 08 অক্টোবর 2026, 12:53 দুপুর • 10 বার পঠিত
শাহজালালে যাত্রীর পায়ুপথে তিনটি ‘সোনার ডিম’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার পেস্ট ভরা তিনটি ডিম্বাকৃতি প্যাকেট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ দিন সকাল সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ারএরাবিয়ার একটি ফ্লাইটে ‘সোনা চোরাচালান’ হতে পারে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন।

এক পর্যায়ে এয়ারএরাবিয়ার ফ্লাইটে আসা আরমান উদ্দীন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এ আসলে সন্দেহজনক বিবেচনায় গোয়েন্দারা তাকে তল্লাশি করে। পরে ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ মোড়ানো ডিম্বাকৃতি তিনটি বস্তু উদ্ধার করা হয়। সেগুলোতে স্বর্ণ পেস্ট আকারে গোলাকৃতি দেওয়া হয়েছিল।

এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ধার একএকটি গোলাকৃতি স্বর্ণের ওজন ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম। বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট। ডিম্বাকৃতির এই সোনার পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। এর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টম হাউস কর্তৃক ফৌজদারি মামলা করার কার্যক্রম চলমান রয়েছে বলে তথ্য দিয়েছে সংস্থাটি।