শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির কোনো সংকট নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 02 অক্টোবর 2026, 12:38 দুপুর • 5 বার পঠিত
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির কোনো সংকট নেই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি (ফুয়েল) আসা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রূপপুর প্রকল্পটি অনেক বড় ও জটিল। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা সামনে আসতে পারে।

তবে সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।রূপপুরের বর্তমান অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা একটা একটা করে ধাপে এগোচ্ছি।

সামনে নেক্সট স্টেপে যাব। ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন।

এত বড় একটি প্রকল্পে অনেক মেশিনারি রয়েছে। কোনো কোনো যন্ত্র কাজ না করলে সেটি পরীক্ষা করতে হয়, আবার চালু করতে হয়। উচ্চ তাপমাত্রায় কাজ করার পর কোল্ড ডাউন করতেও সময় লাগে।তিনি বলেন, এটি থ্রি জেনারেশন প্লাস একটি নিউক্লিয়ার প্ল্যান্ট। সব ধরনের সেফটি ও সিকিউরিটি ঠিক রেখে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা একটু সময় দিন।

রূপপুরের জ্বালানি আসা নিয়ে কোনো সংকট আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, না, না। ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ নাই। রূপপুর প্রকল্প নিয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেই তথ্য নেওয়া উচিত। আপনারা হয় আমাকে জিজ্ঞেস করবেন, না হয় আমার সেক্রেটারি সাহেবকে, পিডিকে বা এমডিকে জিজ্ঞেস করবেন।

তিনি আরও বলেন, টম, ডিক, হ্যারিসহ সবার কাছে জিজ্ঞেস করলে আসলে কী হচ্ছে, কী হচ্ছে না, আমরা অনেকে জানব না। এ কারণে দেশের মানুষ, জনগণ যেন মিসলিড না হয়। মানুষ মিসলিড হলে আমরা বিব্রত হই। আপনারা যেকোনো সময় যেকোনো প্রশ্ন করতে পারেন, আমি ওপেন।

রূপপুরের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময় বিষয়ে মন্ত্রী বলেন, বড় প্রকল্পে অনেক সময় অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দেয়। এ কারণে আগে নির্দিষ্ট তারিখ দেওয়া হলেও তা সবসময় ধরে রাখা সম্ভব হয় না।

তিনি বলেন, আমরা একটা ডেট দিয়েছিলাম। যেহেতু আননোন প্রবলেমগুলো চলে আসে। আমরা বাড়ি বানাতে গেলেও বলি দুই বছরে শেষ করব, কিন্তু বাড়ি সবসময় দুই বছরে শেষ করতে পারি না।

মন্ত্রী বলেন, বারোশো চব্বিশ মেগাওয়াটের একটি নিউক্লিয়ার প্ল্যান্ট। সুতরাং টুকটাক ব্যাপার হলে সেফটি সিকিউরিটিকে হাই প্রায়োরিটি দিয়ে কাজ করতে হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর ওয়াস্তে, একটু জেনে-শুনে নিউজগুলো দিন। মানুষকে মিসলিড করবেন না, জনগণকে মিসলিড করবেন না।