সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাপে বড় ধরনের সাইবার হামলা

আতাউল্লাহ পলাশ • 02 নভেম্বর 2026, 06:26 সকাল • 7 বার পঠিত
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাপে বড় ধরনের সাইবার হামলা

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মোবাইল অ্যাপে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ড্রোন হামলাসহ বিভিন্ন ধরনের সম্ভাব্য বিপদ সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়া হয়।

সোমবার মন্ত্রণালয় জানায়, সাইবার হামলার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভুয়া তথ্য ও সতর্কবার্তা পাঠিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেন জানিয়েছিল, তাদের আকাশপথে হামলার সতর্কবার্তা দেওয়ার অ্যাপটিও হ্যাক হয়ে থাকতে পারে। অ্যাপটিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে ভুয়া সতর্কবার্তা প্রকাশের পর এ সন্দেহ তৈরি হয়।

এই দুই দেশের অ্যাপে সাইবার হামলার এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধ শুরুর পর দীর্ঘতম যুদ্ধবিরতির অবসান হয়েছে। তবে ওই যুদ্ধবিরতি কেবল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে সীমাবদ্ধ ছিল।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই বিরল যুদ্ধবিরতির ফলে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘সতর্কতা! রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে হামলাকারীরা সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য পাঠাতে সক্ষম হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানায়, অ্যাপটির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞ দল কাজ করছে।

এদিকে, রোববার গভীর রাতে ইউক্রেনের বিমানবাহিনী এবং দেশটির অপতথ্য প্রতিরোধবিষয়ক কেন্দ্র পৃথকভাবে জানায়, ইউক্রেনের ‘এয়ার অ্যালার্ম’ অ্যাপটি সম্ভবত শত্রুপক্ষের হস্তক্ষেপ বা সাইবার হামলার শিকার হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত এএফপিকে অ্যাপটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস (স্প্রাভদি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।

তবে ইউক্রেনের রাজধানী কিয়েভের জন্য বিশেষভাবে ব্যবহৃত পৃথক একটি সতর্কবার্তা অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।


#আন্তর্জাতিক #বাসস