রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 06:56 সকাল • 20 বার পঠিত
পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী’ চুক্তি করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট যাতে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চুক্তি না মানার ক্ষেত্রে ইরানের বারবার ব্যর্থতার ইতিহাস থেকেই তিনি এমন অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, আমরা একটি চুক্তি করি, আর তারা পরদিনই তা ভেঙে ফেলে।

আগামী বছরগুলোতে হোয়াইট হাউসে যিনিই আসুন না কেন, যেকোনো নতুন চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ অবশ্যই বন্ধ রাখতে হবে।

ট্রাম্প বলেন, আমি যা করছি তা হলো– আগামী চার বছর, ১৫ বছর বা ২০ বছর পর যদি কোনো অযোগ্য প্রেসিডেন্টও ক্ষমতায় আসেন, তবুও যেন বর্তমানের এই স্থায়ী চুক্তির বাইরে গিয়ে নতুন কিছু করতে না পারেন, সেই ব্যবস্থাই আমি পাকাপোক্ত করছি।

তিনি আরও যোগ করেন, ভবিষ্যতের কোনো প্রশাসনকে বর্তমান নীতি থেকে সরে এসে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়ার সুযোগ তিনি দেবেন না।

তেহরানে ওয়াশিংটন সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) চেষ্টা করছে– এমন ধারণার বিষয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি জানান, তার প্রশাসন ইতোমধ্যেই ইরানের পর্যায়ক্রমিক নেতৃত্বের সঙ্গে কাজ করেছে।ট্রাম্প বলেন, আমরা এখন তৃতীয় পক্ষের সঙ্গে কাজ করছি, তাই আপনি একে চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।

তিনি আরও যোগ করেন, বর্তমান নেতৃত্ব ‘সম্ভবত ... বেশি যৌক্তিক’, তবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এখনো কঠিন।