বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2026, 12:44 দুপুর • 4 বার পঠিত
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।

 জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত আসামি। ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় তিনি চার নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের ইন্ধন ও নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রকল্পে হামলা চালায়। তাদের হাতে পিস্তল, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, ছুরি, রড ও লাঠিসোঁটা ছিল।

সন্ত্রাসীরা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক দফা গুলি ছোড়ে।হামলা চলাকালে প্রকল্পের শ্রমিক ও নিরাপত্তাকর্মীরা ছোটাছুটি শুরু করলে সন্ত্রাসীরা সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজকে মারধর করে। একপর্যায়ে রিভলবারের বাঁট দিয়ে মাথায় আঘাতসহ ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে নিরাপত্তাকর্মী সৈয়দ নজরুল ইসলামকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে তার কাছ থেকে ২ হাজার টাকা, একটি বাটন ফোন ও একটি ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রকল্পের প্রধান ফটকে গুলি চালিয়ে লোহার গেট, থাই গ্লাস ও কাচের গেট ভাঙচুর করে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। পরবর্তীতে অফিসকক্ষে ঢুকে কম্পিউটার মনিটর, ডিভিআর, ফ্রিজ, ল্যাপটপ ও আসবাবপত্র ভাঙচুর চালিয়ে আরও প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়।

এছাড়া অফিসের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য সংরক্ষিত রাখা ২৫ লাখ টাকা এবং সাইটে থাকা ২৩ টন রড (আনুমানিক মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা) ও চার লাখ টাকা মূল্যের একটি সিএফ স্কুটার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। 

এ ঘটনায় এখন পর্যন্ত হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।