নিউ গিনি আবাসনে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতা মিজানুরসহ তিনজনের ৩ দিনের রিমান্ড
ঢাকার ইসিবি চত্বরের কাছে নিউ গিনি আবাসন প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।
প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান জানান, রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন-শাহরিয়ার মাহমুদ ও শাহ আলম।
সোমবার বিকালে ঢাকার পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় বাসায় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছিল।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টমেন্ট থানার ইন্সপেক্টর মোহাম্মদ আল আমিন তাদের তিনজনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আল আমিন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে বলেন, “এটা একটা আলোচিত মামলা। সম্পত্তি নিয়ে নিউ গিনি প্রোপার্টিজ ও আসামিদের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। সেখানে সালমান মুক্তাদিরের একটা স্টুডিও ছিল। সেটিও ভাঙচুর করা হয়। আসামিরা নিউ গিনির সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে।”
তিনি বলেন, “মিজানুর রহমান জামায়াত এমপির মেয়ের জামাই। নিউ গিনিতে গিয়ে জামায়াতের আমির চাঁদাবাজির বিষয়ে কথা বলে ব্রিফ দেন, তখন মিজানুর তার পাশে ছিলেন।
“সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করা হয়, সরকারকে দোষারোপ করা হয়।”
মিজানুর রহমানের পক্ষে আইনজীবী শওকত হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান।
তিনি বলেন, “আসামি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে তাকে জেল, ফাঁসি দেন। তিনি ঘটনার সাথে জড়িত না। কেন মামলা অ্যারাইজ হল?
“মিজানুরের কাছ থেকে সাইফুল ইসলাম (নিউ গিনির পরিচালক) এক কোটি টাকা নিয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। টাকা যেন না দিতে হয়, এজন্য তাকে ফাঁসানো হয়েছে।”
শুনানিতে বলা হয়, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার পর। আর মিজানুর বাসায় ঢোকেন ৮টা ২৩ মিনিটে। সিসিটিভি ভিডিও রয়েছে। তিনি বাসা থেকে বের হন পরদিন। তাহলে কীভাবে তিনি ঘটনাস্থলে ছিলেন?
শাহরিয়ার মাহমুদের পক্ষে আইনজীবী জসীম উদ্দিন এবং শাহ আলমের পক্ষে কামাল হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। শুনানি নিয়ে আদালত তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেয়।
এ মামলায় বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।