নিউ গিনি আবাসনে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় গ্রেপ্তার মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান।
মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। গত সোমবার বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে। এ সময় বাসায় সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন বলে তথ্য দিয়েছিলেন ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।
মিজানুরসহ এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ মঙ্গলবার মিজানুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় মিজানুর রহমানের পক্ষে তার আইনজীবী শওকত হোসাইন জামিন চেয়ে আবেদন করে বুধবার শুনানি করতে চান। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বুধবার রেখেছেন।
এর আগে এ মামলায় শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকে সোমবার কারাগারে পাঠানো হয়। তার আগেরদিন রোববার মো. মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও ৩ জনকে কারাগারে পাঠায় আদালত। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানির দিন বুধবার ধার্য রয়েছে।
ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।